‘ট্রফি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনব’, নিকো পাজের অঙ্গীকার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১২:১৪
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। তবে হতাশার এই মুহূর্তেও সমর্থকদের উদ্দেশে আশাবাদী বার্তা দিয়েছেন দলের তরুণ মিডফিল্ডার নিকো পাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিশ্বকাপের ট্রফি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে নিজের সর্বোচ্চটা উজাড় করে দেবেন।
ফাইনালে মাঠে নামার সুযোগ না পেলেও দলের সঙ্গে ছিলেন নিকো। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় তিনি জাতীয় দলের অংশ হতে পারাকে গর্বের বলে উল্লেখ করেন। নিকো লিখেছেন, ‘আজকের দিনে আগের চেয়েও বেশি গর্বিত এই দেশের প্রতিনিধিত্ব করতে পেরে, এই জাতীয় দলের অংশ হতে পেরে। আমি এমন একটি দলের সদস্য, যারা এই জার্সির জন্য জীবন দিতে পারে এবং যেকোনো পরিস্থিতিতে নিজেদের হৃদয় ও আত্মা উজাড় করে দেয়। তাদের প্রতি আমি শুধু কৃতজ্ঞ।’
এরপরই ভবিষ্যতের প্রতিশ্রুতি দেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার। তিনি লেখেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই ট্রফিটি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে নিজের সবটুকু উজাড় করে দেব। স্পেন এবং সব স্প্যানিশকে অভিনন্দন। আর্জেন্টিনা, সুদিন-দুর্দিন সবসময়ই তোমার পাশে আছি।’
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে জয় পায় স্পেন। ম্যাচের শেষদিকে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা।
- বিষয় :
- আর্জেন্টিনা
- স্পেন
- বিশ্বকাপ ফুটবল
- নিকো পাজ