ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পুরস্কার মঞ্চে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না রোমেরো

পুরস্কার মঞ্চে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না রোমেরো
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৩:৪৬

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন না করে তার পাশ দিয়ে চলে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফাইনাল শেষে খেলোয়াড়দের পদক পরিয়ে দেওয়ার সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে একে খেলোয়াড়রা পদক নিতে মঞ্চে ওঠেন। সেই সময় রোমেরোকে ট্রাম্পের পাশ দিয়ে হেঁটে যেতে দেখা যায়, তবে তাদের মধ্যে করমর্দন হয়নি।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী এটিকে ইচ্ছাকৃত বলে দাবি করলেও, রোমেরো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ফলে করমর্দন না হওয়ার কারণও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

এদিকে পুরস্কার বিতরণী মঞ্চে ট্রাম্পের দীর্ঘ সময় অবস্থান নিয়েও আলোচনা হয়েছে। সাধারণত ট্রফি তুলে ধরার মুহূর্তে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রাই কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে স্পেন অধিনায়ক রদ্রি ট্রফি গ্রহণের পরও ট্রাম্পকে মঞ্চে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

স্টেডিয়ামেও ট্রাম্পের উপস্থিতি মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। তিনি মঞ্চে ওঠার সময় গ্যালারির একাংশ থেকে দুয়ো ধ্বনি শোনা যায়, আবার অনেক দর্শক করতালিও দেন।

আরও পড়ুন

×