ইতালির নতুন কোচ হতে যাচ্ছেন পিরলো
ইতালির কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৩:২৫
পেপ গার্দিওলাকে পাওয়ার দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে নতুন কোচ খুঁজে পেল ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারানো গৌরব ফিরিয়ে আনতে ডাগআউটের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে দেশটির কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোর কাঁধে। ইতালিয়ান দৈনিক ‘লা রিপাবলিকা’র প্রতিবেদন অনুযায়ী, পিরলোর সঙ্গে চার বছরের চুক্তির সমঝোতায় পৌঁছেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
টানা তিন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারার চরম বিপর্যয়ে আছে ইতালিয়ান ফুটবল। এই গভীর সংকট থেকে উত্তরণে ফেডারেশন প্রথমে পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তির মতো হাই-প্রোফাইল কোচের দিকে হাত বাড়িয়েছিল। তবে গার্দিওলা বিরতির সিদ্ধান্ত নেওয়ায় এবং আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব ছাড়তে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত পিরলোতেই আস্থা রাখলেন কর্তারা।
২০০৬ বিশ্বকাপজয়ী এই তারকার কোচিং ক্যারিয়ারের ঝুলি বেশ সমৃদ্ধ। এর আগে জুভেন্টাসের হয়ে ‘কোপ্পা ইতালিয়া’ ও ‘ইতালিয়ান সুপার কাপ’ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। বর্তমানে তিনি দুবাই ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতালির ফুটবল পুনর্গঠনের অংশ হিসেবে ৪৭ বছর বয়সী এই কোচের ওপর বাজি ধরছে ফেডারেশন। বয়সভিত্তিক দল থেকে শুরু করে মূল দলকে ঢেলে সাজানোই হবে পিরলোর প্রধান মিশন।
গত এপ্রিলে জেন্নারো গাত্তুসোর পদত্যাগের পর থেকে একরকম কোচশূন্যই ছিল আজ্জুরিরা। এখন পিরলোর নিয়োগকে ইতালিয়ান ফুটবলের নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন দেশটির ফুটবল বোদ্ধারা। ২০২৮ ইউরো এবং ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে ইতালিয়ান ফুটবলের হারানো আভিজাত্য ফিরিয়ে আনাই এখন এই নতুন কোচের মূল চ্যালেঞ্জ।
- বিষয় :
- ইতালি