ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

জাতীয় দলে আর নাও খেলতে পারেন পারেদেস

জাতীয় দলে আর নাও খেলতে পারেন পারেদেস
×

লিয়ান্দ্রো পারেদেস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১২:২১

বিশ্বকাপ ফাইনালের পর পাঁচ দিন কেটে গেছে। এখনও হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি লিয়ান্দ্রো পারেদেস। এ হারে এতটাই কষ্ট পেয়েছেন যে ভবিষ্যতে আর আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে তাঁর। গত বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) কোপা সুদামেরিকানার নকআউট রাউন্ডের প্লে-অফে ও’হিগিন্সের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর বোকা জুনিয়র্সের এ মিডফিল্ডার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

বোকা জুনিয়র্সের ম্যাচ শেষে পারেদেস গণমাধ্যমের মুখোমুখি হলেও সদ্য সমাপ্ত বিশ্বকাপ নিয়েই প্রশ্ন হয়েছে বেশি। সেখানেই আর্জেন্টিনার হয়ে মাঠে নামা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি, ‘আমি (জাতীয় দলের হয়ে) খেলা চালিয়ে যেতে পারব কিনা, জানি না। পুরো বিষয়টা ভালোভাবে ভেবে দেখতে হবে। আমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, তা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে। যদিও আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছি, কিন্তু বিশ্বকাপ ফাইনালে হারের কষ্টটা দীর্ঘদিন থাকবে। কারণ, আমরা আবারও জয়ের খুব কাছাকাছি গিয়েছিলাম।’ 

ইএসপিএন’র সঙ্গে আলোচনায় ৩২ বছর বয়সী এ তারকা জানিয়েছেন, বিশ্বকাপে পাঁজরের চোট বেশ ভুগিয়েছে তাঁকে। তবে বোকায় তিনি ফিরেছেন বেশ ভালো অবস্থায়, ‘(বিশ্বকাপে) প্রথম কিছু দিন তো বেশ কঠিন ছিল। কারণ, পাঁজরে ছোট একটি চিড় ধরেছিল। এখন আমি ভালো। প্রথম কিছু দিন, এমনকি মিসরের বিপক্ষে ম্যাচের পরও তীব্র ব্যথা ছিল। শেষ পর্যন্ত ট্রমাটোলজিস্ট (আঘাত বিশেষজ্ঞ) ও অন্যদের চেষ্টায় মাঠে নামতে পারি।’ অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে ১-০ গোলে স্পেনের কাছে হেরে যান পারেদেস-মেসিরা।

রেফারির শেষ বাঁশি বাজার পর মাঠেই স্পেনের দুইজন খেলোয়াড়কে মেরেছেন পারেদেস। তাই বলে বিশ্বকাপ ফাইনাল ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়েছেন তিনি। স্পেন যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে বলে মনে করছেন তিনি, ‘ষড়যন্ত্র তত্ত্ব? এগুলো নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা জানি যে, দারুণ একটি বিশ্বকাপ খেলেছি। ফাইনালে স্পেনই ছিল সেরা। তাদের জয় এবং চ্যাম্পিয়ন হওয়াটা প্রাপ্য ছিল।’ 

তিনি আরও যোগ করেন, ‘গত আট বছরে আমরা যা অর্জন করেছি, এখন আমাদের তা উপভোগ করতে হবে। এর অংশ হতে পারাটা আনন্দের এবং দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ মানের ফুটবল খেলাটা মোটেও সহজ কিছু নয়।’ 

অধিনায়ক লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে সবাইকে প্রশ্ন করতে দেখে অবাক হয়েছেন পারেদেস, ‘চালিয়ে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্তটি অনেকের জন্যই কঠিন হবে। সুন্দর, অসাধারণ এক পথচলা ছিল। আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছি। এই মান বজায় রাখা এবং দলের পক্ষে এভাবেই কাজ চালিয়ে যাওয়া খুব কঠিন হবে।’

আরও পড়ুন

×