ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

ছাগলনাইয়ায় বিএনপি কর্মীকে গুলি

ছাগলনাইয়ায় বিএনপি কর্মীকে গুলি
×

আহত রিয়াজ উদ্দিন টিপু

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৩:১৭

ফেনীর ছাগলনাইয়ায় স্বার্থগত দ্বন্দ্বের জেরে রিয়াজ উদ্দিন টিপু নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ ও ককটেলের আঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা পরিষদ কম্পাউন্ডসংলগ্ন ছাগলনাইয়া-করেরহাট সড়কের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

আহত রিয়াজ দাবি করেন, তার মাথায় ককটেলের আঘাত, পায়ে গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরিচয় প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, রাত ১টার পরে তিনি ঘটনাস্থলের কাছে পৌঁছে কয়েকটি মাইক্রোবাস থেকে ২৫-৩০ জন হেলমেটধারী ব্যক্তিকে নামতে দেখেন। একপর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। পরে কয়েকজনকে আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিতে দেখা যায়।

থানার নাইট ডিউটির উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, আহত টিপুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। একাধিক গাড়িতে করে আসা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে শুভপুরের দিকে চলে যায়। আহতকে হাসপাতালে নেওয়ার কারণে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আহত টিপুর অভিযোগ, রাত সাড়ে ১২টার দিকে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা তাকে শহীদ মিনারের সামনে যেতে বলেন। সেখানে পৌঁছানোর পর ঘোপাল ও শুভপুর ইউনিয়নের কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে অবস্থান করছিলেন। তাদের মধ্যে ঘোপাল ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর ছিদ্দিকীর নেতৃত্বে থাকা লোকজন তার ওপর হামলা চালায়। হামলার সময় ককটেল নিক্ষেপ, ধারালো অস্ত্রের আঘাত এবং গুলি করা হয় বলে দাবি করেন তিনি। পালানোর চেষ্টা করলে তার পায়ে গুলি লাগে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামছুদ্দিন জানান, আহত ব্যক্তির মাথা, শরীর ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। তবে হাসপাতাল থেকে পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ না করেই সঙ্গে থাকা লোকজন তাকে নিয়ে চলে যায়। 

অভিযোগের বিষয়ে আলমগীর ছিদ্দিকী জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অসুস্থতার কারণে বিশ্রামে রয়েছেন। টিপুর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

আরও পড়ুন

×