ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

ধামরাইয়ে বাস-প্রাইভেটকার ও দুই বাইকের সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

ধামরাইয়ে বাস-প্রাইভেটকার ও দুই বাইকের সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের
×

ছবি- সমকাল

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১২:৪১

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে একটি নষ্ট বাসকে কেন্দ্র করে একের পর এক সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই। তাদের কাছে থাকা পরিচয়পত্র থেকে পুলিশ জানতে পারে, আবাস সাহা সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে এবং মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে, নিহত সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় উপজেলার আশুতোষ সাহার ছেলে। তিনি চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেনে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। বাসটি দেখে পেছনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে তার পেছনের একটি কাভার্ড ভ্যানও ব্রেক করে। কাভার্ড ভ্যানটির পেছনে ছিল দুটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় চারটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×