স্ট্রাইকার সংকটে বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৩:১৩
ইংল্যান্ডে প্রাক-মৌসুম প্রস্তুতি সেরে গতকাল সোমবার বাড়ি ফিরেছে বার্সেলোনা। ১৫ আগস্ট শুরু হবে লা লিগার নতুন মৌসুম। কিন্তু বার্সা বস হ্যান্সি ফ্লিক এখনও জানেন না আসন্ন মৌসুমে তাঁর সেন্টার ফরোয়ার্ড কে! রবার্ট লেভানডস্কি বিদায় নেওয়ার পর নতুন সেন্টার ফরোয়ার্ড হিসেবে বার্সার এক নম্বর পছন্দ ছিল হুলিয়ান আলভারেজ। তাঁর বার্সায় যোগ দেওয়া ক্রমেই কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। ফেরান তোরেসের ভবিষ্যৎও অনিশ্চিত। লামিনে ইয়ামাল, দানি ওলমো, অ্যান্থনি গর্ডন, কারিম আদেয়েমির মতো এক ঝাঁক উইঙ্গার থাকলেও সেন্টার ফরোয়ার্ড নেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, মিসরীয় টিনএজ ফরোয়ার্ড হামজা আবদেলকারিমের কাঁধে চাপতে পারে এই গুরুদায়িত্ব।
জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের অবশ্য দৃঢ়বিশ্বাস, বার্সার স্পোর্টিং ডিরেক্টর সপ্তাহখানেকের মধ্যে ঠিকই একজন সেন্টার ফরোয়ার্ড স্বাক্ষর করিয়ে ফেলবেন। যদিও হুলিয়ান আলভারেজকে দলে নেওয়ার আশা ছাড়েনি বার্সা। এখনও মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলভারেজকে নিয়ে বার্সার দীর্ঘকালীন পরিকল্পনা রয়েছে। আর্জেন্টাইন এ তারকাও ন্যু ক্যাম্পে আসতে এক পায়ে খাড়া। কিন্তু তাঁর ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ তাঁকে ছাড়তে রাজি নয়। বিষয়টি নিয়ে অ্যাথলেটিকো কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বেও জড়িয়েছেন তিনি। আর তাদের খেলোয়াড় নিয়ে এমন বাড়াবাড়ি করায় ফিফায় নালিশ পর্যন্ত করেছে অ্যাথলেটিকো। এতে করে আলভারেজের বার্সায় আসার সম্ভাবনা তো কমছেই, দুই ক্লাবের মাঝে তিক্ততাও বাড়ছে। এ কারণেই বোর্নমাউথ থেকে তরুণ ফরাসি ফরোয়ার্ড জুনিয়র ক্রুপিকে দলে নেওয়ার চেষ্টা করছে বার্সা। সেটাও এখনও নিশ্চিত নয়।
২৩ আগস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শুরু করবে শিরোপাধারী বার্সা। এর আগে ক্রুপিকে দলে নিলেও লিগের শুরুর দিকে তাঁর মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, বার্সার খেলার স্টাইলের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে। ফেরান তোরেসের বার্সায় থাকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তরুণ এ স্ট্রাইকার ক্লাব ছাড়তে চান, তাঁর পিএসজিতে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
হাতে পর্যাপ্ত বিকল্প না থাকায় লামিনে ইয়ামাল বা দানি ওলমোকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলাতে পারে বার্সা। গত মৌসুমে দুজনই নাম্বার নাইন পজিশনে খেলেছেন। দানি ওলমো তো অ্যাথলেটিকো মাদ্রিদের মতো বড় দলের বিপক্ষেও সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেছিলেন। আর বার্সার নতুন স্বাক্ষর করানো দুই উইঙ্গারেরও সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলার অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে জার্মান তরুণ কারিম আদেমেয়ি তো তাঁর ক্যারিয়ারের অধিকাংশ ম্যাচ সেন্টার ফরোয়ার্ড হিসেবেই খেলেছেন। অন্যদিকে ইংলিশ তারকা গর্ডন ৩৩টি ম্যাচ সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেছেন। আর বার্সার যে খেলার ধরন, তাতে ট্র্যাডিশনাল সেন্টার ফরোয়ার্ডের খুব বেশি প্রয়োজন নেই।
- বিষয় :
- হানসি ফ্লিক
- বার্সেলোনা
- হুলিয়ান আলভারেজ