ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

তুরস্কে পা রাখলেন সালাহ, ট্রাবজোনস্পোর সমর্থকদের উন্মাদনা

তুরস্কে পা রাখলেন সালাহ, ট্রাবজোনস্পোর সমর্থকদের উন্মাদনা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ১৮:২৬

দীর্ঘ ৯ বছরের লিভারপুল অধ্যায়ের পর নতুন গন্তব্যে মোহাম্মদ সালাহ। কয়েক সপ্তাহের জল্পনার অবসান ঘটিয়ে তুরস্কে পৌঁছেছেন মিশরের এই তারকা ফরোয়ার্ড। ট্রাবজোনস্পোরের সঙ্গে চুক্তির আলোচনা চূড়ান্ত করতেই বুধবার ইস্তাম্বুলে অবতরণ করেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

সালাহকে বহনকারী ব্যক্তিগত বিমানের ছবি প্রকাশ করে ট্রাবজোনস্পোর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘সালাহ মোড অন’। ক্লাবের নীল-মেরুন জার্সি গায়ে বিমানে বসে থাকা সালাহর সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তুর্কি ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, সালাহকে দলে ভেড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। ইস্তাম্বুলে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার পর তিনি ট্রাবজোন শহরে যাবেন। এরপর সবকিছু ঠিক থাকলে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন। চুক্তিতে আরও এক মৌসুম মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে।

তুর্কি গণমাধ্যমগুলোর দাবি, নতুন চুক্তি অনুযায়ী বছরে প্রায় ১ কোটি ৭০ লাখ ইউরো বেতন পাবেন সালাহ, যা ট্রাবজোনস্পোরের ইতিহাসের অন্যতম বড় আর্থিক চুক্তি হতে যাচ্ছে।

ইস্তাম্বুল বিমানবন্দরে সালাহকে স্বাগত জানাতে জড়ো হয় শত শত সমর্থক। ব্যানার, জার্সি ও ক্লাবের পতাকা হাতে প্রিয় তারকার অপেক্ষায় ছিলেন তারা। এক সমর্থক এএফপিকে বলেন, ‘রাতভর কাজ শেষ করেই এখানে এসেছি। মোহাম্মদ সালাহর জন্য প্রয়োজনে আরেকটি রাতও না ঘুমিয়ে কাটাতে রাজি আছি।’

লিভারপুলের জার্সিতে সালাহ কাটিয়েছেন স্মরণীয় ৯ বছর। এই সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪২ ম্যাচে করেছেন ২৫৭ গোল। ক্লাবটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা মিশরের এই তারকা। প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা ১৯৩, যার মধ্যে ১৯১টিই এসেছে লিভারপুলের হয়ে। ইংলিশ শীর্ষ লিগের সর্বকালের গোলদাতাদের তালিকায়ও তিনি রয়েছেন চতুর্থ স্থানে।

যদিও গত মৌসুমে লিভারপুলের হতাশাজনক পারফরম্যান্সের মাঝে নিজের সেরা ছন্দে ছিলেন না সালাহ। লিগে করেছিলেন মাত্র সাত গোল। এরপর ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। দলবদলের পুরো সময়জুড়েই বেসিকতাসের সঙ্গে তার নাম জড়ালেও শেষ পর্যন্ত ট্রাবজোনস্পোরই এগিয়ে যায়।

সালাহর আগমনের আরেকটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে সমর্থকদের। ট্রাবজোনস্পোরের জার্সিতে তাকে দেখা গেছে ৬১ নম্বর পরে। যদিও লিভারপুলে দীর্ঘদিন ১১ নম্বর এবং মিশর জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেন সালাহ। তুর্কি গণমাধ্যম ও টকস্পোর্টের তথ্য অনুযায়ী, ৬১ সংখ্যাটি ট্রাবজোন শহরের আঞ্চলিক কোড এবং ক্লাবটির পরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক। প্রতি ম্যাচের ৬১তম মিনিটে সমর্থকেরা আতশবাজি, কনফেটি ও স্লোগানে পুরো স্টেডিয়াম মুখর করে তোলেন। 

এর আগে ক্লাবের কয়েকজন জনপ্রিয় ফুটবলারও এই জার্সি নম্বর ব্যবহার করেছেন। তবে ৬১ নম্বরটি সালাহর স্থায়ী স্কোয়াড নম্বর হবে কি না, সেটি এখনো নিশ্চিত করেনি ট্রাবজোনস্পোর। ধারণা করা হচ্ছে, অভিষেক অনুষ্ঠানের অংশ হিসেবেই আপাতত এই জার্সি পরেছেন তিনি।

গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হওয়া ট্রাবজোনস্পোর এবার উয়েফা ইউরোপা লিগের প্লে-অফে খেলবে। ক্লাবটির আশা, সালাহর মতো বিশ্বমানের তারকার আগমনে নতুন মৌসুমে দেশীয় ও ইউরোপীয় প্রতিযোগিতায় শক্তিশালী চ্যালেঞ্জ গড়ে তুলতে পারবে তারা।

আরও পড়ুন

×