ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ইডেনে ঘণ্টা বাজাবেন শেখ হাসিনা, থাকবেন মমতাও

ইডেনে ঘণ্টা বাজাবেন শেখ হাসিনা, থাকবেন মমতাও
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ | ০৩:৫৪

বাঙালি ছেলে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন, টেলিফোনে কথাও বলেছেন। তাই আর আমন্ত্রণ ফেরাতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌরভ গাঙ্গুলীকে কথা দিয়েছেন, ২২ নভেম্বর কলকাতার ইডেন টেস্টে থাকবেন তিনি। শেখ হাসিনার সঙ্গে সেদিন বাংলাদেশ-ভারত প্রথম দিবারাত্রির টেস্টে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

শুক্রবার কলকাতার একটি দৈনিকে মমতা বলেছেন, '২২ তারিখ ইডেনে বাংলাদেশ-ভারত টেস্ট আছে। সেদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠে থাকবেন। সৌরভ আমাকে সেখানে যাওয়ার অনুরোধ করেছে। আমিও সেদিন ইডেনে যাব।'

ক্রিকেটের সৌজন্যে দুই বাংলার নেত্রীকে এক ফ্রেমে আনার চেষ্টায় সফল হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলী। সেদিন শুক্রবার থাকায় সকালে কলকাতা গিয়ে বিকেলেই ঢাকা ফিরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই টেস্টকে স্মরণীয় করে রাখতে এরই মধ্যে সবকিছু নিজে থেকেই দেখভাল করছেন সৌরভ। 

কলকাতার দৈনিকটির খবর অনুযায়ী, বাংলাদেশের অতিথিদের জন্য আকর্ষণীয় সব উপহারের বন্দোবস্ত করেছেন সৌরভ গাঙ্গুলী। ঐতিহাসিক ওই টেস্টে বাংলাদেশের শিল্পী রুনা লায়লাসহ প্রথম টেস্ট খেলা বাংলাদেশের ক্রিকেটারদেরও আতিথেয়তা দেবেন সৌরভ গাঙ্গুলী। ইডেন গার্ডেনে টেস্ট ম্যাচের আগে ঘণ্টা বাজানোর রীতি আছে। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ঘণ্টা বাজাবেন বলে জানা গেছে।  ভারত ও বাংলাদেশ প্রথমবারের মতো দিবা-রাত্রীর টেস্ট খেলবে। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে।

আরও পড়ুন

×