ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শক্তি বাড়াতে মরিয়া আর্সেনাল

শক্তি বাড়াতে মরিয়া আর্সেনাল
×

ব্রুনো গিমারেস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১১:৫১

ভিনিসিয়ুস জুনিয়র ফসকে যাওয়ায় হতোদ্যম হননি আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। স্কোয়াডের শক্তি বাড়ানোর জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্প্যানিশ এ কোচ। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের কিছু দুর্বলতা রয়েছে। নতুন মৌসুম শুরুর আগে সেসব পজিশনে শক্তি বাড়াতে মনোযোগী তিনি। সে লক্ষ্য তাদের টার্গেট পিএসজির উইঙ্গার ব্রাডি বারকোলা। যদিও বারকোলাকে লিভারপুলও চাইছে; বরং অলরেডরাই ফরাসি এ তারকাকে পাওয়ার দৌড়ে এগিয়ে।

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে কেনার জন্য তক্ষে তক্ষে ছিল আর্সেনাল। সপ্তাহখানেক টানটান উত্তেজনার পর রিয়াল মাদ্রিদেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ব্রাজিলিয়ান এ তারকা। গত বৃহস্পতিবার রিয়ালের সঙ্গে ছয় বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন তিনি। ফলে আক্রমণভাগের শক্তি বাড়ানোর জন্য নতুন বিকল্পের দিকে মনোযোগ দিতে হচ্ছে গানার বস আর্তেতাকে। 

তবে বিশ্বমানের তারকা পাওয়াও একটু কষ্টসাধ্য হয়ে গেছে। গত রোববার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ৩-২ গোলে হেরে যাওয়ার পর সমর্থকদের স্কোয়াডে নতুন খেলোয়াড় দেখতে চাওয়া প্রসঙ্গে আর্তেতা বলেন, ‘আমরা সেই চেষ্টাই করছি। তবে আমাদের (স্কোয়াড) শক্তিশালী করার জন্য সঠিক খেলোয়াড় তো দলবদলের বাজারে থাকতে হবে। আমরা সেদিকে খুব ভালোভাবে নজর রাখছি।’ 

চলতি দলবদলের উইন্ডোতে আর্সেনালের সেরা সংযোজন হচ্ছে ব্রুনো গিমারেস। নিউক্যাসল থেকে ৭৫ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলিয়ান এ মিডফিল্ডারকে দলে এনেছে আর্সেনাল। ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের আগে এমিরেটস স্টেডিয়ামে তাঁকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। দর্শকরাও তুমুল করতালি আর উল্লাসে স্বাগত জানান ২৮ বছর বয়সী এ তারকাকে। 

আর্সেনালের দুর্বলতা রয়েছে লেফট উইংয়ে। গ্যাব্রিয়েল মার্তেনেল্লি সেখানে একমাত্র ভরসা। তাই ভিনিকে দলে নেওয়ার জন্য মরিয়া ছিলেন আর্তেতা। আবার একজন সেন্টার-ব্যাকও খুঁজতে হবে। পিঠের চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ফরাসি তারকা ডিফেন্ডার উইলিয়াম সালিবা। এই পজিশনে উপযুক্ত বিকল্প লাগবে তাদের। সালিবার অনুপস্থিতি এরই মধ্যে টের পেতে শুরু করেছে গানাররা। গত দুটি প্রস্তুতি ম্যাচে ৩টি করে গোল হজম করেছে তারা। 

বিষয়টা নিয়ে চিন্তিত আর্তেতা, ‘আজ আমরা খুবই দৃষ্টিকটু কিছু গোল খেয়েছি। যদিও এটা দলগত ব্যর্থতা। তবে আমাদের খেলোয়াড় যারা আছে, তাদের অবশ্যই অনেক উন্নতি করতে হবে।’ 

চোটাক্রান্ত সালিবার আপডেটও দিয়েছেন তিনি, ‘আগামী দুই সপ্তাহ পুরোপুরি বিশ্রামের মেজাজে থাকবে সালিবা। তার ক্ষত পূরণ হতে কিছুটা সময় লাগবে। তাই তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।’         

আরও পড়ুন

×