বিসিবি
তিন কোটি টাকায় তিন লিগ
ফাইল ফটো
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১২:০১ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ | ১২:০৯
ঘরোয়া ক্রিকেট ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা লিগে ওয়ানডের সঙ্গে সংযোজন করা হচ্ছে টি২০ টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট লিগকে (বিসিএল) সাজানো হচ্ছে তিন সংস্করণে। এই লিগে দলগুলোর মালিকানায় থাকবে বেসরকারি প্রতিষ্ঠান। ২০২৬-২৭ মৌসুম থেকেই ফ্র্যাঞ্চাইজি মডেলে খেলা হবে বিসিএল। এ নিয়ে দৌড়ঝাঁপ করছে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। সোমবার তিনটি বেসরকারি ব্যাংকের প্রতিনিধি দলের সামনে ফ্র্যাঞ্চাইজি মডেল উত্থাপন করেছে বিসিবি। আজ ও কাল আরও আটটি ব্যাংকের সঙ্গে মিটিং রয়েছে বলে জানান টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান।
বিসিবির প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা বিভিন্ন বেসরকারি ব্যাংকে এফডিআর করা আছে। এই ব্যাংকগুলোকে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত করে লাভবান হতে চায় বোর্ড। সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানান, বছরে তিন কোটি টাকা খরচ করলে একটি দল চালাতে পারবে ফ্র্যাঞ্চাইজি।
তাঁর মতে, ‘আমাদের লক্ষ্য হলো নিজস্ব তহবিল থেকে খরচ কমিয়ে ক্রিকেটকে পেশাদারিত্ব কাঠামো দেওয়া। বিসিএল চার দিনের লিগ, ওয়ানডে টুর্নামেন্ট ও এনসিএল টি২০ টুর্নামেন্ট সম্পূর্ণ বোর্ডের খরচে হতো। ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে করা গেলে ১২ থেকে ১৫ কোটি টাকা বেচে যাবে। ব্যাংকগুলোকে টার্গেট করে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আশা করি, ছয়টি ব্যাংকের মাধ্যমে বিসিএল করা সম্ভব হবে।’
সিরাজউদ্দিন জানান, প্রথম বছর নির্বাচিত ফ্র্যাঞ্চাইজিদের আড়াই কোটি টাকা বাজেট করতে বলা হবে। একটি দলের ব্যয় নির্বাহ করবে তারা। লিগ ও টুর্নামেন্টের ব্যয় নির্বাহ করবে বিসিবি। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোকে ধাপে ধাপে পেশাদারিত্বের দিকে নেওয়ার চেষ্টা করা হবে। আমরা প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে রাজস্বের ভাগ দেব ৫০ লাখ টাকা করে। ফলে আড়াই কোটি টাকার মধ্যেই তিনটি লিগে খেলতে পারবে তারা।
ওয়ানডে ও টি২০ টুর্নামেন্টে টিকিট বিক্রি থেকে ভালো আয় হয়। স্পন্সর থেকেও কোটি টাকা আয় করা সম্ভব। এই টুর্নামেন্ট সফল হবে।’ গতকাল স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের সঙ্গে সভা করেছে বিসিবি। ডাচ্-বাংলা ব্যাংক, মধুমতি ব্যাংক, ঢাকা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে বৈঠক আজ। কাল বসবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক ও পূবালী ব্যাংকের সঙ্গে।
- বিষয় :
- ক্রিকেট
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড
- বিসিএস