ভারতের সফর নিয়ে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১৩:৫০
ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এই সিরিজ আয়োজনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজেদের মধ্যে আলোচনা করেছেন বলে জানা গেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে। সে আলোচনার সূত্র ধরেই সিরিজটি নিয়ে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে ‘ক্রিকবাজ’ সূত্রে জানা গেছে, গতকালই আফগানিস্তান ক্রিকেট বোর্ড ভারতের বিপক্ষে টি২০ সিরিজের সূচি ঘোষণা করেছে। ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ম্যাচ তিনটি। তিনটি করে ওয়ানডে ও টি২০ খেলতে ২৮ আগস্ট ভারতের বাংলাদেশে আসার কথা। ১ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ এবং শেষ ম্যাচ ১৩ সেপ্টেম্বর। আফগান বোর্ডের এ ঘোষণায় ভারতীয় দলের বাংলাদেশ সফর আরও অনিশ্চিত হয়ে গেল।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর। এ নিয়ে আমিনুল বলেন, ‘ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে, তারাও আশাবাদী। গত বিশ্বকাপ থেকে যে দোটানা তৈরি হয়েছে, তা খুব দ্রুতই সমাধান করতে পারব। এখন পর্যন্ত আশাবাদী, ভারত-বাংলাদেশ সিরিজটি নিয়ে দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আলোচনা হয়েছে, এর মাধ্যমে সমাধান করে ফেলতে পারব।’
সিরিজটি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন আমিনুল, ‘আমরা বিষয়টি দ্রুত সমাধান করতে চাই। আমি আশা করি, স্পোর্টসের মাধ্যমে আামাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে পারব। যে দোটানা তৈরি হয়েছে, তা সহজেই সমাধান করতে চাই। আজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললাম, তিনি অত্যন্ত আশাবাদী। তিনি ইতোমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। খুব ইতিবাচকভাবে তিনি বলেছেন, আমরা দ্রুতই বাংলাদেশ-ভারত সিরিজ, কীভাবে দ্রুত খেলার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারি...।’
গত বছর অন্তর্বর্তী সরকারের নেওয়া বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের সমালোচনা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘গত বিশ্বকাপকে কেন্দ্র করে বিগত সরকার যে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, হঠাৎ করে বিশ্বকাপ খেলতে না যাওয়া, একজন সাবেক ক্রীড়াবিদ হিসেবে আমি মেনে নিতে পারি না। এটা ঠিক হয়নি। এটাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যে দোটানা তৈরি হয়েছে... আমি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারাও ভারতীয় হাইকমিশন থেকে শুরু করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন।’
- বিষয় :
- ভারত
- বাংলাদেশ-ভারত
- ক্রিকেট