ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

পান্ত থেকে চোখ সরাতে বললেন রোহিত

পান্ত থেকে চোখ সরাতে বললেন রোহিত
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ | ০৬:০৯ | আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ | ০৬:৪৬

বিশ্বকাপের পর ধোনিকে ছাড়াই চলছে ভারত। দলে সুযোগ মিলছে ঋষভ পান্তের। যাকে ভবিষ্যতে ধোনির বিকল্প ভাবছে ভারত। কিন্তু সমালোচনা ঋষভ পান্তের পিছু ছাড়ছে না। বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ঠিকভাবে রিভিউয়ের সিদ্ধান্ত নিতে না পারায় সমালোচনার শিকার হয়েছেন তিনি। দ্বিতীয় ম্যাচে স্টাম্পিং মিস করে সমালোচিত হয়েছেন। তবে রোহিত শর্মার অনুরোধ, সব কিছুতে পান্তের ভুল ধরবেন না। তাকে সময় নিয়ে খেলতে দিন।

রোববার নাগপুরে সিরিজের শেষ টি-২০ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতের টি-২০ অধিনায়ক বলেন, 'প্রত্যেক দিন, প্রত্যেক মিনিট ঋষভ পান্তকে নিয়ে অনেক কথা হচ্ছে। আমার মনে হয়, তাকে নিয়ে এতো কথা না বলে, মাঠে তার কাজটা ঠিক মতো করতে দেওয়া উচিত। আমি সবাইকে অনুরোধ করবো, কিছু সময়ের জন্য ঋষভ পান্ত থেকে চোখ দূরে রাখুন।'

ঋষভ পান্তকে নিজের সমর্থন জানিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, 'তার বয়স ২১-২২ বছরের মতো। আন্তর্জাতিক অঙ্গনে সে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছে। মাঠে তার প্রতিটি পদক্ষেপ নিয়ে মানুষ কথা বলছে। আমি মনে করি এটা তার প্রতি অবিচার। আমার মতে, সে যে ক্রিকেটটা খেলতে চায়, তাকে সেটা খেলার সুযোগ করে দেওয়া উচিত। শুধু তার খারাপ নয় বরং তার ভালো খেলার দিকেও চোখ রাখুন।'

রোহিত শর্মা মনে করেন, ঋষভ পান্ত একজন সাহসী ক্রিকেটার। তাকে তাই খেলার স্বাধীনতা দেওয়া উচিত। এটা পান্ত এবং ভারতীয় দলের জন্য ভালো। পান্তের সঙ্গে শ্রেয়াস আয়ারকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত মনে করেন রোহিত। পেসার খলিল আহমেদকেও সুযোগ দেওয়ার পক্ষে ভারতীয় অধিনায়ক। তাদের উদ্দেশ্যে রোহিতের বার্তা, মাঠে গিয়ে ভয়ডরহীন ক্রিকেট খেলো। এছাড়া রোহিত শর্মা জানান, তরুণরা দলে আসলে তাদের ভয়হীন ক্রিকেট খেলার স্বাধীনতা দেয় টিম ম্যানেজমেন্টও। তাদের প্রতি অধিনায়কের বার্তা হলো, 'শুধু ম্যাচটা বুঝে খেলো।

আরও পড়ুন

×