শান্তর ক্যারিয়ারে সেরা র্যাঙ্কিং
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ১২:৪৬
ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের পর র্যাঙ্কিংয়েও তার পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। যেখানে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টেস্ট ব্যাটারদের শীর্ষ কুড়িতে পৌঁছে গেছেন। ৯ ধাপ এগিয়ে তিনি ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও সতীর্থ লিটন দাসকে পেছনে ফেলেছেন। তাঁর বর্তমান ৬৫৯ রেটিং পয়েন্ট বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ। বোলিং বিভাগে ম্যাচসেরার পারফরম্যান্স করে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ২৬ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৫ উইকেট নিয়ে মিরাজ ৩ ধাপ এগিয়ে ২৪ নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন।
তবে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সেরা অবস্থান ধরে রেখেছেন মুশফিকুর রহিম। ২১ বছরের ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলে একমাত্র ইনিংসে ৩৬ রানে আউট হন তিনি। তবে র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে তিনি আছেন ১৮ নম্বরেই। লিটন দাস প্রথম ইনিংসে শূন্য করে পাঁচ ধাপ পিছিয়ে ব্যাটারদের তালিকায় ২৮ নম্বরে নেমে গেছেন।
এমনিতেই ডারউইন টেস্ট হেরে প্রচণ্ড সমালোচনার মুখে রয়েছে অসিরা। সেখানে সিরিজের প্রথম ম্যাচে কম রান পাওয়ায় টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন অসি ওপেনার ট্রাভিস হেড। তাঁকে টপকে আইসিসি পুরুষদের টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আবারও এক নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক। ২০২৪ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো শীর্ষে ওঠার পর এটি ব্রুকের চতুর্থবারের মতো এক নম্বর স্থান দখল। ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে ট্রাভিস হেড কেবল ২২ ও ১৭ রান করে আউট হয়ে যান। ফলে তাঁকে টপকে জো রুট ও স্টিভ স্মিথও ওপরে উঠে এসেছেন। প্রথম ম্যাচে ৭১ ও ৪৪ রান করা স্মিথ বর্তমানে তৃতীয় স্থানে অবস্থান করছেন।
তবে অসি ব্যাটারদের মধ্যে উন্নতি হয়েছে ক্যামেরুন গ্রিনের। ডারউইনে দ্বিতীয় ইনিংসে শতক হাঁকিয়ে ৫ ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠে এসেছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে সেঞ্চুরি হাঁকানো তানজিদ তামিমের র্যাঙ্কিংয়েও বিশাল অগ্রগতি হয়েছে। ৮৪ ধাপ এগিয়ে তানিজদ যৌথভাবে এখন ৮৮তম। ব্যাটিং তালিকায় অন্য অগ্রগামীদের মধ্যে রয়েছেন মোমিনুল হক (৫ ধাপ এগিয়ে ৩১তম), সাদমান ইসলাম (৩ ধাপ এগিয়ে ৫৮তম), মেহেদী হাসান মিরাজ (৫ ধাপ এগিয়ে ৫৯তম)।
বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ম্যাচে মোটে একটি উইকেট পেলেও ধরে রেখেছেন ১১ নম্বর জায়গা। তাসকিন তিন উইকেট শিকার করে বোলিং র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন ৪৯ নম্বরে উঠে এসেছেন। অন্যদিকে, চলমান সিরিজে স্কোয়াডে না থাকায় এক ধাপ পিছিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। তাঁর বর্তমান অবস্থান ৬০তম। ব্যাটিং ও বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করলেও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আগের মতোই তিন নম্বরে ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ। তবে তাঁর রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩২০। অলরাউন্ডারদের তালিকায় যথারীতি নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।