ভালো ক্রিকেট খেলতে চান শান্ত
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত
সেকান্দার আলী, ম্যাকাই থেকে
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ১১:৩০
তানজিদ হাসান তামিম বৃহস্পতিবার ব্যাটিং সেশন না করায় তার দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে শুক্রবার চোটাক্রান্ত ঘাড়ের স্ক্যান শেষে হাসপাতাল থেকে ফিরে ব্যাটিং অনুশীলন করায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। নেটে তানজিদকে ব্যাটিং করতে দেখে স্বস্তি পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তিনি নিশ্চিত হয়েছেন ম্যাকাই টেস্ট ম্যাচটিও খেলতে পারবেন সেরা ব্যাটিং লাইনআপ নিয়ে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেন, ‘তামিম আজ ব্যাটিং করেছে। মেডিক্যাল টার্ম অনুযায়ী কাল (শনিবার) সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করি সে ঠিক হয়ে যাবে। কোনো কারণে সমস্যা হলে বিকল্প প্রস্তুত আছে।’
ডারউইন টেস্ট জয়ের পর বাংলাদেশ দলকে সমীহের চোখে দেখা হচ্ছে অস্ট্রেলিয়ায়। সংবাদ সম্মেলনে গুরুত্ব দিয়ে প্রশ্ন করছেন দেশটির সাংবাদিরা। শান্তর কাছে অনেক কিছুই জানতে চাইলেন তারা। একজন পরিণত অধিনায়কের মতো উত্তরও দিলেন টাইগার অধিনায়ক। সিমিং কন্ডিশনে চার পেসার নিয়ে খেলার পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে শান্ত বলেন, ‘উইকেটে দেখে ভালো মনে হচ্ছে, স্পোর্টিং উইকেট। আমরা যে উইকেটে প্র্যাকটিস করেছি ওখানে একটু বাউন্স ছিল। আমাদের পাঁচ জন পেসারই খেলার জন্য প্রস্তুত আছে। তবে আমাদের দুজন স্পিনারই ভালো। বিশ্বের যে কোনো কন্ডিশনে ভালো করতে জানে। তাই কাল (শনিবার) সকালে উইকেটে দেখে দলের জন্য ভালো সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রধান কোচ ফিল সিমন্স উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষে না। অধিনায়ক শান্তর কাছ থেকেও পাওয়া গেলে অনুরূপ বার্তা। যদিও দ্বিতীয় টেস্টের জন্য দেশে থেকে উড়িয়ে আনা বাঁহাতি পেসার শরিফুল ইসলামের খেলা না খেলার বিষয়ে কৌতূহল হল তৈরি হয়েছে ভেন্যুতে। শান্ত জানান, সুযোগ পেলে ভালো করবেন শরিফুল। পেস ও বাউন্সি কন্ডিশন হলে বাঁহাতি এ পেসারের খেলার সম্ভাবনা রয়েছে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার কিউরেটর পিটার কাজাকফ জানান, টেস্টের জন্য পেস ও বাউন্সি উইকেট বানিয়েছেন তিনি। তাকে বিশ্বাস করলে পেস উইনিটকে অগ্রাধিকার দিয়ে সাজাতে হবে একাদশ।
তবে শান্ত জানান কন্ডিশন যেমনই হোক সেশন ধরে ভালো ক্রিকেট খেলা গেলে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট ম্যাচেও বাজিমাত করা সম্ভব হবে, ‘আমরা পাঁচদিন ভালো ক্রিকেট খেলতে চাই। এক একটা দিন, এক একটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলছি সেটা গুরুত্বপূর্ণ। ওটাই লক্ষ্য থাকবে। আমার মনে হয় প্রক্রিয়া ঠিক মতো অনুসরণ করা গেল অটো ফল আসবে ম্যাচে। তাই ফলাফল নিয়ে আগে থেকে চিন্তা করে খেলার প্রয়োজন হবে না। আমরা চেষ্টা করব সেশন ধরে ভালো ক্রিকেট খেলতে।’
পেস ও বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে এবার প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ। অথচ ডারউইনে খেলা হয়েছে স্পোর্টিং উইকেটে। ম্যাকাইয়ে দেওয়া হতে পারে ফাস্ট বোলিং কন্ডিশনের স্বাদ। শান্তর মতে, ‘প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলাম এরকম একটা বোলিং ইউনিটের সামনে কতটা ভালো ক্রিকেট খেলতে পারি। সবাইকে সুযোগ হিসেবে দেখতে বলেছিলাম। খেলোয়াড়রা সেভাবে দেখছে। একটি ম্যাচ জেতায় বাড়তি আত্মবিশ্বাস থাকবে। আমার মনে হয়ে এই কন্ডিশন খেলোয়াড়রা উপভোগ করবে এবং চ্যালেঞ্জ নেবে ভালো করার জন্য।’
গত দুই দিনের অনুশীলনে ক্রিকেটাররা দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত হয়েছেন। ডারউইন টেস্টে ভুলে সিরিজ নির্ধারণী টেস্টে মননিবেশ করার ওপর জোর দেন অধিনায়ক, ‘যেটা হয়েছে সেটা অতীত। আমাদের বর্তমান নিয়ে ভাবতে হচ্ছে। আমার মনে হয় এই দুই দিনে খেলোয়াড়রা ভালো মানিয়ে নিয়েছে। ডারউইন টেস্ট অতীত হয়ে গেছে। আমরা এই টেস্টে কিভাবে ভালো করতে পারি সেটা নিয়ে ভাবছি। আমি মনে করি খেলোয়াড়রা ওই টেস্ট থেকে বের হয়ে এসে আবার নতুন করে টেস্ট ম্যাচটি শুরু করবে।’
নতুন ভেন্যুতে মাত্র দুইদিন অনুশীলন হলেও মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।