ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

এখনও আলভারেজের আশায় বার্সা

এখনও আলভারেজের আশায় বার্সা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ১২:৫১

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে সমর্থকদের দুয়ো শুনতে হয়েছিল হুলিয়ান আলভারেজকে। বার্সেলোনার সঙ্গে যোগসূত্র থাকায় অ্যাথলেটিকো মাদ্রিদের এই তারকার প্রতি আস্থা নেই সমর্থকদের। আর্জেন্টাইন এই সুপারস্টারকে আগের কয়েক দফা চেষ্টা করেও পায়নি বার্সেলোনা। তবে দলবদলের বাজার বন্ধ হওয়ার আগেই আলভারেজের চুক্তি নিয়ে আশাবাদী বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। 

বুধবার বার্সেলোনার অফিশিয়াল মিডিয়া চ্যানেলকে লাপোর্তা বলেন, ‘মনে হচ্ছে খেলোয়াড় (আলভারেজ) নিজেই বার্সায় যোগ দিতে চায়। আমরা আমাদের আশা ধরে রাখছি এবং অ্যাথলেটিকোর প্রতি পূর্ণ সম্মান রেখেই তাকে সই করানোর পরিকল্পনায় অটল আছি। আমরা অ্যাথলেটিকোর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চাই; তাই আমরা আমাদের প্রস্তাবে অবিচল রয়েছি এবং আশা করছি, দুই ক্লাবের মধ্যে একটি বোঝাপড়া হবে। আর আমি আবার বলছি, আমরা এটি অ্যাথলেটিকো ক্লাব, পরিচালকমণ্ডলী এবং পুরো দলের প্রতি সর্বোচ্চ সম্মান বজায় রেখেই করছি।’

গ্রীষ্মের দলবদলের শুরুতে রবার্তো লেভানডস্কির বিকল্প হিসেবে আলভারেজকে এক নম্বর লক্ষ্য বানিয়েছিল বার্সেলোনা। সে সময় অ্যাথলেটিকো ১০০ মিলিয়ন ইউরোর বেশি অর্থের একটি প্রস্তাব দেওয়া হলেও বার্সা তা প্রত্যাখ্যান করে। আর্সেনালও আলভারেজের প্রতি আগ্রহ দেখিয়েছে। গত জুলাইয়ে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে আলভারেজ নিজেই অ্যাথলেটিকো ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। 

২৬ বছর বয়সী এ তারকাকে ঘিরে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে নাটকীয়তা তুঙ্গে পৌঁছেছে। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবং রিয়াল মাদ্রিদও তাঁর দৌড়ে ছিল। রিয়াল মাদ্রিদের দাবি, আলভারেজের জন্য ১৫০ মিলিয়ন ইউরোর অফার দিয়েও তারা ব্যর্থ হয়েছে। আলভারেজকে অবৈধভাবে প্রলুব্ধ বা রাজি করানোর অভিযোগে বার্সেলোনার বিরুদ্ধে ফিফা ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ দায়ের করেছে অ্যাথলেটিকো, যা তাদের ক্ষোভকে স্পষ্ট করে তোলে।

আরও পড়ুন

×