ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর

ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর
×

হুগো জিনকিস ও মারিয়ানো জিনকিস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১৪:১৫ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ | ১৪:২৩

বিশ্বকাপসহ আন্তর্জাতিক ফুটবলের বিভিন্ন টুর্নামেন্টের সম্প্রচার ও বিপণন স্বত্ব পেতে ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই ক্রীড়া বিপণন নির্বাহী। হুগো জিনকিস ও তার ছেলে মারিয়ানো জিনকিস যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতায় পৌঁছে এই স্বীকারোক্তি দিয়েছেন।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আদালতে জমা দেওয়া নথিতে বিষয়টি প্রকাশ্যে আসে। হুগো ও মারিয়ানো দুজনই আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ফুল প্লের সহ-মালিক। ২০১৫ সালে ফিফাকে ঘিরে শুরু হওয়া বড় দুর্নীতি তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

আদালতের নথি অনুযায়ী, বিশ্বকাপ বাছাইপর্ব, কোপা আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচের লাভজনক মিডিয়া ও বিপণন স্বত্ব পেতে ফিফা, কনকাকাফ ও কনমেবলের কর্মকর্তাদের সঙ্গে ঘুষের লেনদেন করেছিলেন বাবা-ছেলে। বিভিন্ন কর্মকর্তার সমর্থন আদায়ের জন্য তারা পরিকল্পিতভাবে একটি দুর্নীতির নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন।

যুক্তরাষ্ট্রের তদন্তে উঠে এসেছে, এই ঘুষের পরিমাণ ছিল কয়েক কোটি ডলারের। ঘুষের বিনিময়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্ব পাওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের সহযোগিতা নেওয়া হয়েছিল।

সমঝোতার আওতায় হুগো ও মারিয়ানোর বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগ প্রত্যাহার করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। তবে এর বিনিময়ে ৫০ মিলিয়ন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছেন তারা।

২০১৫ সালে শুরু হওয়া ফিফার দুর্নীতি তদন্তে বিশ্ব ফুটবল প্রশাসনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছিল। তদন্তের পর ফিফা, কনমেবল ও কনকাকাফের বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর একাধিক কর্মকর্তা গ্রেপ্তার, দোষী সাব্যস্ত ও আদালতে অপরাধ স্বীকার করেন।

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×