এশিয়ান গেমসে ক্রিকেটের চোখ অলিম্পিকে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৪:৪০
বিসিবি থেকে চাকরি যাওয়ার পর কিছুদিন বেকারই ছিলেন কিউরেটর গামিনি ডি সিলভা। চেয়েছিলেন স্পেনে ছেলের কাছে অবসর জীবন কাটাবেন। তবে সুযোগটা তাঁর হাতে আসে আচমকাই। এশিয়ান গেমসের ক্রিকেট ভেন্যু জাপানের আইচি প্রিফ্যাকচারাল কোরোগি স্পোর্টস পার্কে ক্রিকেট পিচ নির্মাণ করার। প্রায় দুই বছরের চেষ্টায় অবশেষে তিনি সেই পিচ বানিয়েছেন। সেই মাঠে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে ক্রিকেট ইভেন্ট; যেখানে স্বর্ণপদকের জন্য নামবে বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দেশ হওয়ায় গ্রুপ পর্ব নয়, ২৯ সেপ্টেম্বর থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে নামবে বাংলাদেশ। ভারত, পাকিস্তান ছাড়াও আফগানিস্তান ও শ্রীলঙ্কা এই পর্ব থেকেই শুরু করবে পদকের মিশন।
অতীতে এশিয়ান গেমসের ক্রিকেটকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বৈশ্বিক ব্যস্ততার অজুহাতে আন্তর্জাতিক মর্যাদা দিতে গড়িমসি করত। ফলে এশিয়াডের মঞ্চে প্রতিটি দেশই অনূর্ধ্ব বা বয়সভিত্তিক দল পাঠাত। তবে এবার পরিস্থিতি ও সমীকরণ একেবারেই ভিন্ন। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়ায় এর কদর নাটকীয়ভাবে বেড়েছে। অলিম্পিক পদকের গৌরব মাথায় রেখে এবার পরাশক্তিগুলো এশিয়ান গেমসকে দেখছে শ্রেষ্ঠত্বের মূল মহড়া হিসেবে। সে লক্ষ্যেই ভারত জাসপ্রীত বুমরাহকে নিয়ে এবং পাকিস্তান তাদের সেরা আন্তর্জাতিক তারকাদের দিয়ে শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে। অপেক্ষা এবার বাংলাদেশের।
‘এখনও এই গেমস নিয়ে আমাদের কিছু উপলব্ধির বাকি আছে। এখানে অন্য দলগুলো কেমন মানের দল পাঠায়, তার ওপর নির্ভর করে আমরাও দল গড়ব। হয়তো দু-এক দিনের মধ্যেই ব্যাপারটি ঠিক হয়ে যাবে।’ অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এশিয়ান গেমসের দল গড়া নিয়ে এমনই ধারণা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
আসলে ব্যাপারটি ঝুলে আছে ভারতের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা বাকি থাকায়। জাসপ্রিত বুমরাহ, অভিষেক শর্মা, শ্রেয়াস আয়ারদের নিয়ে গত জুনে ভারত এশিয়ান গেমসের জন্য একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে। পাকিস্তানও সে সময় শাহিন শাহদের নিয়ে শক্তিশালী স্কোয়াড জমা দেয়। সম্প্রতি নিশিন শহরে গামিনির নির্মাণকৃত পিচ আর আয়োজকদের দেখানো ড্রেসিংরুম নিয়ে প্রবল আপত্তি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের আবাসন নিয়ে অসন্তুষ্টির কথা জানায় পাকিস্তান। তাই সে দেশের মিডিয়ায় খবর এশিয়ান গেমসে হয়তো শেষ মুহূর্তে সেরা দল না পাঠিয়ে একটি বয়সভিত্তিক দল পাঠাবে তারা। যদি তেমনটিই হয়, তাহলে বিসিবিও এমনই করবে। ভারত, পাকিস্তানের মতো দেশ মূল জাতীয় দল পাঠালে বাংলাদেশও হয়তো লিটন দাস-মুস্তাফিজুর রহমানের মতো নিয়মিত ক্রিকেটারদের জাপানে পাঠাবে।
এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশের অতীত রেকর্ড বেশ ঈর্ষণীয় ও সমৃদ্ধ, যেখানে এখন পর্যন্ত লাল-সবুজের প্রতিনিধিরা পাঁচটি পদক জিতেছেন। ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে প্রথমবারের মতো ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে বাংলাদেশ দল তাদের আধিপত্য দেখাতে শুরু করে। সেবার ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে পুরুষ ক্রিকেট দল বাংলাদেশের ইতিহাসে প্রথম এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতে এবং একই আসরে নারী দল লাভ করে রৌপ্যপদক।
এবার পদকের পাশাপাশি আরেকটি অর্জনের হাতছানি রয়েছে ক্রিকেটারদের সামনে। ২০২৮ অলিম্পিকের ক্রিকেটে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণ এখনও হয়নি। সেখানে প্রতি মহাদেশের র্যাঙ্কিং-সেরা দল যেমন থাকতে পারে, তেমনি এশিয়ান গেমসের স্বর্ণজয়ী দলেরও সুযোগ আসতে পারে। তাই এবারের এশিয়ান গেমসের ক্রিকেটকে টেস্ট খেলুড়ে দেশগুলো এখন পর্যন্ত গুরুত্ব দিয়ে আসছে।
- বিষয় :
- এশিয়ান গেমস
- বাংলাদেশ ক্রিকেট