আসিয়ান কাপ সামনে রেখে জাতীয় দলের ম্যানেজমেন্টে বদল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৭:০৮
ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার পদে পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সংগঠক আমিরুল ইসলাম বাবু।
তবে আগের ম্যানেজার আমের খানকে পুরোপুরি দায়িত্বের বাইরে রাখা হয়নি। তাকে দলের টিম কো-অর্ডিনেটর হিসেবে রাখা হয়েছে। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাফুফে।
আসিয়ান কাপে বাংলাদেশ দলের টিম লিডারের দায়িত্ব পালন করবেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন। ম্যানেজার আমিরুল ইসলাম এবং টিম কো-অর্ডিনেটর হিসেবে থাকবেন জাতীয় দল কমিটির সদস্য আমের খান।
গত ২৮ আগস্ট জাতীয় দল কমিটির সভায় ম্যানেজার পদে একাধিক নির্বাহী সদস্য আগ্রহ প্রকাশ করেন। সেখানে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন আমিরুলও। শেষ পর্যন্ত তার হাতেই তুলে দেওয়া হয়েছে দায়িত্ব।
এর আগে প্রায় দেড় বছর জাতীয় দলের ম্যানেজার হিসেবে কাজ করেছেন আমের খান। এবার তাকে টিম কো-অর্ডিনেটরের দায়িত্ব দিয়ে আমিরুলকে ম্যানেজার করা হলো।
পুরুষ জাতীয় দলের ম্যানেজার হিসেবে আমিরুলের প্রত্যাবর্তনও দীর্ঘ বিরতির পর। সর্বশেষ ২০১৫ সালে কেরালা সাফে এই দায়িত্বে ছিলেন তিনি। এরপর জাতীয় নারী দলের ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। দীর্ঘ ১১ বছর পর আবারও পুরুষ জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পেলেন মোহামেডানের এই সংগঠক।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টের প্রিমিয়ার ডিভিশনে খেলবে বাংলাদেশ।
- বিষয় :
- আসিয়ান কাপ
- বাফুফে