ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ব্যালন ডি’অরের সেরা কোচের দৌড়ে যারা

ব্যালন ডি’অরের সেরা কোচের দৌড়ে যারা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২১

২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে ব্যালন ডি’অরের বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। পুরুষদের সেরা কোচের পুরস্কারের দৌড়ে জায়গা পেয়েছেন লুইস এনরিকে, লুইস দে লা ফুয়েন্তে, মিকেল আর্তেতা, উনাই এমেরি ও ভিনসেন্ট কোম্পানি।

আগামী ২৬ অক্টোবর লন্ডনে বসবে এবারের ব্যালন ডি’অর আসর। এবার প্যারিসের পরিবর্তে ইংল্যান্ডের রাজধানীতে হবে জমকালো এই অনুষ্ঠান।

পুরুষদের কোচ ক্যাটাগরিতে সবচেয়ে আলোচিত নাম লুইস এনরিকে। তার অধীনে পিএসজি টানা দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছে। ২০২৪-২৫ মৌসুমের পর ২০২৫-২৬ মৌসুমেও ইউরোপসেরার মুকুট ধরে রাখে ফরাসি ক্লাবটি।

এনরিকের সঙ্গে মনোনয়ন পেয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্সেনালের মিকেল আর্তেতা, অ্যাস্টন ভিলার উনাই এমেরি এবং বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানিও আছেন তালিকায়।

তবে মনোনয়ন তালিকায় জায়গা হয়নি বেশ কয়েকজন পরিচিত কোচের। তাদের মধ্যে রয়েছেন বার্সেলোনার হ্যানসি ফ্লিক, ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, আতলেতিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে ও আর্জেন্টিনার লিওনেল স্কালোনি। ফ্লিকের অধীনে বার্সেলোনা টানা দুই মৌসুমে লা লিগা জিতলেও এবার সেরা পাঁচে জায়গা পাননি তিনি।

মেয়েদের সেরা কোচের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জোনাথন গিরালদেস, আন্দ্রে ইয়েগলেৎজ, নিলস নিলসেন, পেরে রোমেউ ও এলেনা সাদিকু। পাঁচজনই ভিন্ন ভিন্ন ক্লাব ও জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন।

এবার পুরুষ ও নারী বিভাগে সেরা ক্লাবের জন্যও পাঁচটি করে দলকে মনোনয়ন দেওয়া হয়েছে। পুরুষদের তালিকায় রয়েছে পিএসজি, আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোদো/গ্লিমট ও ফ্ল্যামেঙ্গো। আর নারীদের বিভাগে মনোনয়ন পেয়েছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ক্লাব আমেরিকা, ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিওঁ।

পুরুষদের ক্লাব ক্যাটাগরিতে পিএসজির পাশাপাশি আর্সেনালের মনোনয়নও বিশেষভাবে আলোচিত। ২০২৫-২৬ মৌসুমে ২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জেতে গানার্সরা। তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে টাইব্রেকারে পিএসজির কাছে হেরে যায় তারা।

আরও পড়ুন

×