সাক্ষাৎকারে সারওয়ার ইমরান
মেয়েদের ফিটনেসে ঘাটতি
নারী দলের প্রধান কোচ সারওয়ার ইমরান
সেকান্দার আলী
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:২৩
নারী টি২০ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলে দুটিতে হেরেছেন নিগার সুলতানা জ্যোতিরা। নারী জাতীয় দলের এই ব্যর্থতার পেছনে ক্রিকেটারদের ফিটনেসের ঘাটতিকে দায়ী করেছেন প্রধান কোচ সারওয়ার ইমরান। গতকাল শুক্রবার দুবাই থেকে ফোনে তাঁর একান্ত সাক্ষাৎকার নিয়েছেন সেকান্দার আলী
সমকাল: এশিয়া কাপে কি প্রত্যাশা পূরণ হয়েছে?
ইমরান: প্রত্যাশার কাছাকাছি যেতে পারিনি। পারফরম্যান্স একেবারে ভালো হয়নি। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ হারা উচিত হয়নি। ভারতের কাছে বাজেভাবে হেরেছি ক্যাচিং ও মিসফিল্ডিং করে। খেলোয়াড়দের ফিটনেসে ভালো থাকলে ম্যাচে এত ভুল হতো না।
সমকাল: শ্রীলঙ্কার সঙ্গে ভালো করতে না পারার কারণ কী?
ইমরান: শ্রীলঙ্কার থেকে কখনও আমরা ভালো দল ছিলাম না। এক-দুইটা ম্যাচ জিতেছি মাঝেমধ্যে। শ্রীলঙ্কান দলটি আগের থেকে অনেক গোছানো, খেলোয়াড়রা শারীরিকভাবে শক্তিশালী হয়েছে। ওদের মেয়েরা ফিটনেসের দিক থেকে অনেক এগিয়ে। আমরা পিছিয়ে আছি। আগে যে জায়গায় ছিলাম সেখানেই আছি। ফিটনেস অনেক কিছু পরিবর্তন করে দেয়। দৌড়ে রান নেওয়ার ক্ষমতা বাড়ায়। ব্যাটিংয়ে ২০টা রান বেশি হয়। ফিল্ডিংয়ে ১০ থেকে ২০ রান চেক দেওয়া যায়। আমরা এই জায়গায় পিছিয়ে।
সমকাল: বাংলাদেশ দলের খেলোয়াড়দের ফিটনেস কেন বাড়েনি। গত দুই বছর তো অনেক কাজ হয়েছে ফিটনেস নিয়ে?
ইমরান: দলের মূল খেলোয়াড়দের ফিটনেসে ঘাটতি আছে। এখানে উন্নতি করতে হলে মেয়েদেরই কাজ করতে হবে। ট্রেনার চেষ্টা কম করে না। উন্নতি করার জন্য খেলোয়াড়কে চেষ্টা করতে হয়। আমাদের উন্নতি করতে হলে অনেক কিছু বদলাতে হবে। ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করতে হবে। কারও ঘাটতি থাকলে সেটাকে ঠিক করে দলে ফিরতে হবে। যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট খেলব, খেলোয়াড়দের দায়িত্ব সারা বছর ফিট থাকা। নারী ক্রিকেটে নিয়মগুলো সংযোজন করতে হবে। খেলোয়াড়দের উন্নতি করতে হবে ভালো দল হতে চাইলে।
সমকাল: বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট ও বিশ্বকাপে ভালো করার পর এশিয়া কাপে খারাপ খেলার কারণ কী?
ইমরান: এশিয়া কাপে ম্যাচ বলতে শ্রীলঙ্কা ও ভারত। রেটিংয়ে এই দুটি দলের পেছনে বাংলাদেশ। আমরা জিতি শুধু পাকিস্তানের সঙ্গে। শ্রীলঙ্কা ও ভারতের সঙ্গে জিততে চাইলে নিজেদের বর্তমান জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। কিছু কাজ করতে হবে– যেটা অনেক আগেই করা উচিত ছিল। ভারতের সঙ্গে আমরা সব সময় হারি। একবার একটা ম্যাচ জিতেছিলাম ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে। এ রকম চলতে থাকলে পাকিস্তান দল যে রকম খেলে, আমরাও সে রকম খেলব। আরও খারাপ হতে পারে। সবকিছু পরিকল্পিতভাবে হওয়া উচিত। সামনের বছর কীভাবে খেলব এবং কার সঙ্গে খেলব, সেটা ঠিক থাকলে ভালো। গত দুই বছর ধরে কোনো লিগ নেই। এভাবে চলতে থাকলে দল ভালো করবে না। ঘরোয়া ক্রিকেট ভালো না হলে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ দেখি না। স্কুল ক্রিকেট, বয়সভিত্তিক টুর্নামেন্ট না হলে খেলোয়াড় উঠে আসবে না। আমাদের নতুন কোনো খেলোয়াড় নেই, আগে থেকে যারা খেলছে, তারাই দলে আছে। প্রতিদ্বন্দ্বিতা না থাকলে খেলোয়াড়রা কষ্ট করবে না।
সমকাল: অধিনায়কের পারফরম্যান্সে কি খুশি?
ইমরান: অধিনায়ক খারাপ খেলছে না। ২০-২২ হলেও করছে। তবে সেট হয়ে আউট হওয়াটাই ব্যাটিং ব্যর্থতার কারণ। এই ব্যর্থতার পেছনে অধিনায়ককে দোষ দেওয়া ভুল হবে। প্রশ্ন হচ্ছে অন্য ব্যাটাররা কী করেছে?
সমকাল: এশিয়া কাপে তো ব্যর্থ হলেন, এশিয়ান গেমস নিয়ে কী প্রত্যাশা?
ইমরান: আমরা তো ফাইনাল খেলতে চাই। সে উদ্দেশ্যেই জাপান যাচ্ছি। যেখানেই খেলেন বড় লক্ষ্য নিয়ে খেলতে হবে। এই লক্ষ্য সার্থক করার জন্য অনেক কিছু করতে হবে। হঠাৎ করে এশিয়ান গেমসে বাজিমাত করে ফেলব, তা না। সারা বছর ভালো খেলতে হবে। এখন আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত কীভাবে ভারতকে হারাতে পারি। এই অঞ্চলে ভারতকে হারাতে পারলে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের উত্থান হবে। এজন্য একটি পরিপূর্ণ সিস্টেম গড়ে তোলা জরুরি। সবার আগে ফিটনেস নিয়ে কাজ করতে হবে। ফিটনেস ভালো হলে ব্যাটিং-বোলিং ভালো করব। রানিং বি টুইন দ্য উইকেটে ভারত-শ্রীলঙ্কার থেকে অনেক পিছিয়ে আমাদের মেয়েরা।
সমকাল: সম্প্রতি সংবাদ সম্মেলনগুলোতে বলা হচ্ছিল ফিটনেসে উন্নতি হয়েছে। তাহলে সেটা সত্যি নয়?
ইমরান: সামান্য উন্নতিতে কিছু হয় না। দলের সব খেলোয়াড়কে ফিটনেসে উন্নতি করতে হয়। স্কোয়াডে যেসব খেলোয়াড় আছে, সবার ফিটনেসে ঘাটতি আছে। আসলে উন্নতি করতে হলে অনেক কিছু করতে হবে। গত দুই বছর শুনছি নারী বিপিএল হবে কিন্তু হয়নি। এখন তো টি২০ খেলা বেশি। মেয়েদের খেলাগুলো নিয়মিত হতে হবে। একটি নিজস্ব ভেন্যু থাকতে হবে। যেখানে মেয়েরা সারা বছর খেলা নিয়ে ব্যস্ত থাকবে। দেশে সেটা নেই। এসব সুযোগ-সুবিধা বাড়াতে হবে।
সমকাল: এশিয়ান গেমসই কি আপনার শেষ অ্যাসাইনমেন্ট?
ইমরান: আমার চুক্তি ৩১ অক্টোবর পর্যন্ত। জানি না পরের সিরিজ বা খেলায় থাকব কিনা।