ফিলিপাইনকে রুখে ঘুরে দাঁড়াল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২৪
ফিফা আসিয়ান কাপের ডিভিশন-১-এ দারুণ প্রত্যাবর্তনে ফিলিপাইনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পাকিস্তান। ফিফা র্যাঙ্কিংয়ে ৬২ ধাপ পিছিয়ে থেকেও দুই গোলের ঘাটতি পূরণ করে এক পয়েন্ট আদায় করে নিয়েছে ১৯৮তম স্থানে থাকা দলটি।
সি জালাক হারুপাত স্টেডিয়ামে শুরু থেকেই পাকিস্তানকে চাপে রাখে ১৩৫তম র্যাঙ্কিংয়ের ফিলিপাইন। ২৪ মিনিটে স্যানড্রোর রেয়েসের গোলে এগিয়ে যায় তারা। ৩২ মিনিটে পেনাল্টি থেকে বিজর্ন ক্রিস্টেনসেন ব্যবধান দ্বিগুণ করেন।
বিরতির পর অবশ্য পাল্টে যায় ম্যাচের চিত্র। ৪৭ মিনিটে আলী আকবরের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় পাকিস্তান। ৬৯ মিনিটে আব্দুল সামাদ আরশাদের গোলে সমতায় ফেরে তারা। এরপর দুই দলই জয়সূচক গোলের চেষ্টা করলেও আর কোনো গোল হয়নি।
থাইল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ৪-০ গোলে হারা পাকিস্তানের এটি আসরে প্রথম পয়েন্ট। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে চতুর্থ স্থানে রয়েছে তারা। আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে পাকিস্তান।
- বিষয় :
- পাকিস্তান
- ফিলিপাইন
- আসিয়ান কাপ