ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে জয়ের লক্ষ্য শান্তদের

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে জয়ের লক্ষ্য শান্তদের
×
×

ছবি- বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ১৭:৫৪

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। একমাত্র এই টেস্ট দিয়ে শুরু হচ্ছে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই। আফগানিস্তানের বিপক্ষে নতুন চ্যালেঞ্জে মনোযোগ দিতে চান নাজমুল হোসেন শান্ত। আবুধাবির গরম কন্ডিশন নিয়েও কোনো অজুহাত দিতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক। তার বিশ্বাস, সবকিছু ঠিকঠাক থাকলে আফগানিস্তানের বিপক্ষে ভালো একটি টেস্ট উপহার দিতে পারবে বাংলাদেশ।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শান্ত বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো সিরিজ কাটালেও সেটি এখন অতীত। আফগানিস্তানের বিপক্ষে ভিন্ন কন্ডিশন ও প্রতিপক্ষ অনুযায়ী নতুন পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হবে।

শান্ত বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ভালো একটি সিরিজ গেছে। কিন্তু সেটি এখন অতীত। এটি নতুন কন্ডিশন, নতুন প্রতিপক্ষ। তাই আমাদেরও সেভাবেই পরিকল্পনা করতে হবে। এখানকার কন্ডিশন অবশ্যই আলাদা। দলের কয়েকজন ক্রিকেটার একটু আগে এসে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে, যা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে। আমার বিশ্বাস, খেলোয়াড়েরা প্রস্তুত এবং তারা কন্ডিশন ও প্রতিপক্ষের সঙ্গে মানিয়ে নিতে পারবে।’

আবুধাবির গরম নিয়ে অবশ্য বাড়তি চিন্তা করতে চান না বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘আমার মনে হয় প্রস্তুতি ভালো হয়েছে। কন্ডিশন একটু গরম, এটা থাকবেই। তবে আমরা পেশাদার খেলোয়াড় হিসেবে এটাকে কোনো অজুহাত হিসেবে দেখতে চাই না। আমার মনে হয়, খেলোয়াড়েরাও এসব নিয়ে খুব বেশি চিন্তা করছে না। ব্যক্তিগতভাবে আমার রিকভারি ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছি। গত দুই দিন অনুশীলন করেছি এবং ভালো অনুভব করছি।’

আবুধাবির উইকেট নিয়েও আশাবাদী শান্ত, ‘গতকাল উইকেটটা একটু দেখার সুযোগ হয়েছে। আজকে আবার দেখব। দেখে ভালোই মনে হয়েছে। হয়তো কিছুটা ধীর থাকতে পারে। তবে আমার মনে হয় ব্যাটিংয়ের জন্য ভালো হবে। আশা করছি, খুব ভালো একটি টেস্ট ম্যাচ হবে।’

গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতিও তুলে ধরেছেন বাংলাদেশ অধিনায়ক। শান্ত বলেন, ‘গত কয়েক বছর আমরা বিশেষ করে টেস্টে ভালো ক্রিকেট খেলছি। টেস্ট দল হিসেবে আমরা এটাই করতে চেয়েছি। কীভাবে এই সংস্করণে আরও উন্নতি করা যায়, তা নিয়ে দেশে আমরা অনেক পরিশ্রম করছি। গত কয়েক বছরে ভালো করেছি, কিন্তু এখনো অনেক জায়গায় উন্নতি করতে হবে। ভিন্ন প্রতিপক্ষ ও ভিন্ন কন্ডিশনে খেলেও আমাদের ধারাবাহিক হতে হবে।’

বিশ্বজুড়ে টি-টোয়েন্টির জনপ্রিয়তা বাড়লেও টেস্ট ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসার কথা স্পষ্ট করেছেন শান্ত, ‘এখনকার সময়ে টেস্ট ক্রিকেটে খেলোয়াড়দের অনুপ্রাণিত রাখা কঠিন, কিন্তু আমরা পেশাদার ক্রিকেটার। আমরা যখন বেড়ে উঠেছি, তখন সবাই টেস্ট ক্রিকেট খেলতে চেয়েছি। বেশির ভাগ ক্রিকেটারকেই জিজ্ঞেস করলে বলবে, তারা টেস্ট খেলতে চায়। টেস্ট ক্রিকেট একজন খেলোয়াড়ের জন্য সবসময়ই বিশেষ। আমি ব্যক্তিগতভাবে ছোট সংস্করণের চেয়ে আরও বেশি টেস্ট ম্যাচ খেলতে চাই।’

গত বছর একই ভেন্যুতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার অভিজ্ঞতা থাকলেও এবার সংস্করণ ভিন্ন। দুই দলেরই লক্ষ্য থাকবে জয়ের। শান্ত বলেন, ‘দুই বোর্ডের মধ্যে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। গত বছর আমরা এখানে সিরিজ খেলেছি। তবে এবার সংস্করণটা ভিন্ন। অনেক দিন পর আমরা টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছি। আমরা খুবই রোমাঞ্চিত। আমার বিশ্বাস, দুই দলই এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং জিততে চাইবে। বাংলাদেশ দল হিসেবে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।’

আরও পড়ুন

×