ফিফটি করে সাজঘরে লিটন, তিনশ’ পার বাংলাদেশের
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ১৫:৪৯ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ | ১৯:২৩
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ফিফটি করেন লিটন দাস। তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৭৯তম ওভারের পঞ্চম বলে ইয়ামিন আহমদজাইকে চার মেরে ৮৭ বলে ফিফটি পূর্ণ করেন লিটন। তার এই রানেই ৩০০ ছোঁয় বাংলাদেশের স্কোর। তবে পরের ওভারেই মোহাম্মদ সালিম সাফিকে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এই ফিফটিতে টেস্টে অর্ধশতকের সংখ্যায় হাবিবুল বাশারকে ছুঁয়েছেন লিটন। দুজনেরই ফিফটি এখন ২৭টি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩টি টেস্ট ফিফটি মুশফিকুর রহিমের। ৪১টি করে রয়েছে মুমিনুল হক ও তামিম ইকবালের, আর সাকিব আল হাসানের ফিফটি ৩৬টি।
লিটনের বিদায়ের পর হাসান মাহমুদকেও বোল্ড করে দেন সালিম সাফি। ফলে ৩০৫ রানেই ৮ উইকেট হারিয়ে আরও চাপে পড়েছে বাংলাদেশ। ৮২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩০৬ রান। তাইজুল ১ ও নাঈম আছেন ৩ রানে।
মিরাজের বিদায়ে ভাঙল জুটি
দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে লিটন দাসের সঙ্গে জুটি গড়ে সামাল দিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে পঞ্চাশোর্ধ্ব সেই জুটি ভেঙেছে মিরাজের বিদায়ে। ২৪ রান করে ফিরেছেন এই অলরাউন্ডার। উইকেটে এসেছেন নাঈম হাসান। ৭২.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৮৭ রান। ৪০ রান নিয়ে অপরাজিত আছেন এই উইকেটকিপার-ব্যাটার।
দ্রুত তিন উইকেট হারানোর পর লিটন-মিরাজের প্রতিরোধ
দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে সামাল দিচ্ছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। দায়িত্বশীল ব্যাটিংয়ে ষষ্ঠ উইকেটে ৮৪ বলে পঞ্চাশ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটার। ৬৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৮২ রান। ৫৭ বলে ৩৭ রানে ব্যাট করছেন উইকেটকিপার-ব্যাটার লিটন। অন্য প্রান্তে মিরাজ অপরাজিত ৫১ বলে ২২ রান নিয়ে।
শান্তও ফিরলেন, ৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে দারুণ শুরুর পর হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ২০০ রান পেরোনোর পর মাত্র ৪ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছে সফরকারীরা। সাদমান ইসলাম, মুমিনুল হক ও মুশফিকুর রহিমের পর সাজঘরে ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
ইয়ামিন আহমদজাইয়ের বলে অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে কভারে ক্যাচ দিয়ে ৭০ বলে ৩৯ রান করে ফিরেছেন মুমিনুল। এরপর ক্রিজে এসেই ইয়ামিনের দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হন মুশফিক। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
মুশফিকের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি শান্তও। কাইস আহমেদের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ৪২ বলে ২৯ রান করেছেন তিনি। ৫১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২২৫। ক্রিজে লিটন দাসের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
ফিফটির পর ইনিংস বড় হলো না সাদমানের
আফগানিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারলেন না সাদমান ইসলাম। সালিম সাফির বলে জিয়াউর রহমানের দুর্দান্ত ক্যাচে ৬৭ রানে থেমেছে বাংলাদেশের এই ওপেনারের ইনিংস। ১১১ বলে সাতটি চারে ৬৭ রান করে ফিরেছেন সাদমান। এর মধ্য দিয়ে মুমিনুল হকের সঙ্গে তার ৬০ রানের জুটি ভেঙেছে। দুজন মিলে ৯০ বল খেলেছেন। এর আগে সাবধানী ব্যাটিংয়ে ৯৪ বলে চার মেরে অর্ধশতক পূর্ণ করেন সাদমান। চলতি বছরে এটিই তার প্রথম ফিফটি। ৩৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৪ রানে ব্যাট করছে বাংলাদেশ।
সেঞ্চুরির আক্ষেপ তানজিদের, প্রথম সেশন বাংলাদেশের
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম সেশনে দাপট দেখিয়েছে বাংলাদেশ। আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে ২৬ ওভারে ১৩৪ রান তুলেছে সফরকারীরা, হারিয়েছে মাত্র একটি উইকেট।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭১ বলে ৮৩ রান করে ফিরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ছয়টি চার ও আটটি ছক্কায় সাজানো তাঁর ইনিংসটি থামিয়েছেন ইসমত আলম। উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন ইকরাম আলিখিল। তানজিদের বিদায়ে সাদমান ইসলামের সঙ্গে ১২৪ রানের উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের।
এর আগে মাত্র ৪১ বলে ফিফটি তুলে নিয়ে ইনিংসের শুরুতেই আফগান বোলারদের চাপে ফেলেন তানজিদ। অন্য প্রান্তে ধৈর্য ধরে ব্যাটিং করেছেন সাদমান। প্রথম সেশন শেষে ৭৯ বলে ৪১ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। মুমিনুল হক অপরাজিত ছিলেন ৫ রানে।
প্রথম সেশনে আফগান বোলাররা খুব বেশি চ্যালেঞ্জ তৈরি করতে পারেননি। ফলে এক উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই ছিল।
- বিষয় :
- বাংলাদেশ-আফগানিস্তান