ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
ছবি- বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১১:৩৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ১১:৪৭
নাঈম হাসানের লড়াকু ব্যাটিংয়ে মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম সেশনে ৬৩ রান যোগ করে ১৪২ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫২ রান করেছেন নাঈম। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি।
প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৪২ রান করায় সব মিলিয়ে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১৬৯ রান। অর্থাৎ সিরিজে এগিয়ে যেতে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ১৭০ রান।
আগের দিনের ৬ উইকেটে ৫৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেওয়ার দায়িত্ব নেন নাঈম। গতকাল ব্যাটিংয়ে নেমে শুরু করা লড়াই আজও অব্যাহত রাখেন তিনি। শেষ পর্যন্ত ৯১ বলে চারটি চারের সাহায্যে ৫২ রান করে আউট হন এই অলরাউন্ডার।
নাঈমের আগে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম করেন ৮ রান করে। শেষ দিকে শরীফুল ইসলামকে নিয়ে দলকে আরও কিছুটা এগিয়ে নেওয়ার সুযোগ থাকলেও রোস্টন চেইসের বলে বড় শট খেলতে গিয়ে লং অনে ক্যাচ দেন নাঈম। তার বিদায়ের সঙ্গে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে সফল অধিনায়ক রোস্টন চেইস। তিনি নিয়েছেন ৫ উইকেট। জোমেল ওয়ারিক্যান পেয়েছেন ৪ উইকেট।
- বিষয় :
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ