ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে আফগানিস্তান, বাংলাদেশ কোথায়
ছবি- এসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৮:০৭
ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে পৌঁছেছে আফগানিস্তান। আইসিসির সর্বশেষ পুরুষদের ওয়ানডে দলীয় র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ছয় নম্বরে উঠে এসেছে দলটি। এর আগে কখনো এই সংস্করণে এত ওপরে জায়গা পায়নি আফগানরা।
২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর ধীরে ধীরে নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে হারানোর পাশাপাশি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠে তারা।
ওয়ানডেতে এখন পর্যন্ত ১৯১টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। এর মধ্যে জয় পেয়েছে ৯৬টিতে। সাম্প্রতিক সময়েও ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখেছে দলটি। আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে চার ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে জয়ের পর জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত ছিল আফগানরা।
র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের এই উন্নতির ফলে পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে আগেই পেছনে ফেলেছিল তারা। এবার নিজেদের অবস্থান আরও শক্ত করল দলটি।
এদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম। ইংল্যান্ড রয়েছে অষ্টম স্থানে। শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান চারে এবং অস্ট্রেলিয়া রয়েছে পাঁচ নম্বরে।