বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৭:৩৩
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। চোট কাটিয়ে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার টনি ডি জর্জি ও পেসার এনরিখ নরকিয়া। ফিরেছেন ব্যাটার জুবায়ের হামজাও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গত সেপ্টেম্বরে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন ডি জর্জি। সেই চোট কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও টেস্ট দলে ফিরছেন তিনি। ব্যাটিং বিভাগে শক্তি বাড়াতে দলে নেওয়া হয়েছে জুবায়ের হামজাকে।
পেস আক্রমণেও ফিরেছেন নরকিয়া। কুঁচকির চোটের কারণে মাঠের বাইরে থাকা এই পেসারের সঙ্গে দলে রয়েছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, করবিন বশ ও ড্যান প্যাটারসন।
তবে চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে থাকছেন না লুঙ্গি এনগিডি। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি তিনি। এ ছাড়া দলে জায়গা হয়নি ডেভিড বেডিংহাম ও উইকেটকিপার কাইল ভেরেইনির।
স্পিন বিভাগে দক্ষিণ আফ্রিকার ভরসা কেশব মহারাজ ও সাইমন হারমার। অধিনায়কত্ব করবেন টেম্বা বাভুমা।
আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর, সুপারস্পোর্ট পার্কে।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, এনরিখ নরকিয়া, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।
- বিষয় :
- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
- টেস্ট সিরিজ