ক্যাম্প ন্যুয়ে ফের বার্সেলোনার শক্তি পরীক্ষা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৪:২৭
চ্যাম্পিয়ন্স লিগের যুদ্ধে যখনই ক্যাম্প ন্যুয়ের গেট খোলে, তখন বাতাসে এক অদৃশ্য বারুদের গন্ধ ভাসে। তবে এবারের দৃশ্যপটটা একটু অন্যরকম– একদিকে লা লিগার এল ক্ল্যাসিকোর ক্ষত ভুলে আলাভেসকে ৬ গোলে উড়িয়ে দেওয়া হ্যান্সি ফ্লিকের রক্তাক্ত বার্সেলোনা, অন্যদিকে উনাই এমেরির নিখুঁত ছকে বাঁধা সেই ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা, যারা ইউরোপীয় মঞ্চে পা রাখলেই প্রতিপক্ষের বুক কাঁপিয়ে দিতে জানে! লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগের গোলকধাঁধায় গত কয়েকটি ম্যাচে বার্সার মুকুট যখন একটু নড়েবড়ে, ঠিক তখনই টেবিলের দুইয়ে থাকা এই হাইভোল্টেজ ভিলা শিবির হাজির স্পোতিফাই ক্যাম্প ন্যুতে। বার্সেলোনার উদীয়মান সূর্য লামিন ইয়ামালের জাদুকরি পা বনাম এমেরির মারণাস্ত্র রক্ষণ– সব মিলিয়ে কাতালোনিয়ার আজকের রাতটা হতে চলেছে ঠিক ফুটবল রোমাঞ্চের এক নিখুঁত গল্প!
যদিও চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের প্রথম ১৪ ম্যাচে বার্সেলোনা অবিশ্বাস্যভাবে ৫৭ বার গোল করেছে। তার পরও সময়টা ঠিক ভালো যাচ্ছে না ইয়ামালদের। লা লিগায় রিয়ালের কাছে ১-২ ব্যবধানে হার এবং চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পিএসজির কাছে ৪-২ ব্যবধানের পরাজয়সহ শেষ তিন ম্যাচের দুটিতেই হেরেছে বার্সা। গত পাঁচটি ম্যাচে তারা একটিতেও ক্লিন শিট রাখতে পারেনি, যা তাদের রক্ষণভাগ নিয়ে মারাত্মক প্রশ্ন তুলে দিচ্ছে। তবে নিজেদের ঘরের মাঠে খেলাটা হ্যান্সি ফ্লিকের শিষ্যদের জন্য বড় ধরনের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।
মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে এসে দেশীয় ও ইউরোপীয় ফুটবলে তাদের আধিপত্য কিছুটা নড়বড়ে হয়ে পড়েছে। তুলনামূলক বেশ ভালো অবস্থানে থেকে ম্যাচটিতে নামছে ভিলা। উনাই এমেরির দল তাদের শেষ প্রিমিয়ার লিগ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে এবং ইউরোপের মঞ্চেও তারা দুর্দান্ত ছন্দে রয়েছে; চ্যাম্পিয়ন্স লিগে ফেনারবাখেকে ৬-০ এবং ভাইকিংকে ৩-১ গোলে পরাজিত করেছে তারা। সাম্প্রতিক সময়ে তাদের একমাত্র হোঁচট খাওয়া ম্যাচটি ছিল মঙ্গলবারের কারাবাও কাপে বোর্নমাউথের কাছে ৩-০ গোলের হার। চ্যাম্পিয়ন্স লিগ পয়েন্ট টেবিলে বার্সেলোনা অষ্টম স্থানে এবং ভিলা দ্বিতীয় অবস্থানে রয়েছে, যা মহাদেশীয় আসরে এমেরির দলের দুর্দান্ত পারফরম্যান্সের কথাই স্পষ্ট করে তুলে ধরে।
বার্সেলোনার আক্রমণভাগের প্রাণভোমরা হিসেবে লমিনে ইয়ামাল রয়েছেন কেন্দ্রীয় ভূমিকায়। এই তরুণ ফুটবলার ক্লাব ফুটবলের সীমানা ছাড়িয়ে আরও উঁচুতে পৌঁছানোর নিজের উচ্চাশার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ফ্লিকও আশা করবেন ইয়ামালের সৃষ্টিশীলতা এমন এক ভিলা রক্ষণকে ভেদ করবে, যারা সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ পাঁচ ম্যাচে মাত্র পাঁচটি গোল হজম করেছে। আন্তর্জাতিক বিরতির পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে এই কিশোর ফুটবলার চারটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে গত সপ্তাহে আলাভেসের বিপক্ষে জোড়া গোল ও একটি অ্যাসিস্টও রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগেও তিনি এখনও গোলহীন থাকেননি; তিন ম্যাচে তাঁর নামের পাশে রয়েছে দুটি গোল ও চারটি অ্যাসিস্ট। দুই ক্লাবের মধ্যকার সর্বশেষ মুখোমুখি সাক্ষাৎটি হয়েছিল ১৯৮৩ সালে!
বায়ার্নের সামনে ‘রেডহট’ অ্যাথলেটিকো
ইউরোপের দুই কুলীন ঐতিহ্য– একদিকে দিয়েগো সিমিওনের লাল-সাদা রক্তক্ষয়ী ফুটবল বিপ্লব, অন্যদিকে বাভারিয়ানদের অহংকার মেশানো মেশিনের মতো নিখুঁত গতিময়তা। আজ রাতের এই লড়াইটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়ার্ন বর্তমানে ৫ পয়েন্ট নিয়ে লিগ পর্বের পয়েন্ট তালিকার ১৪তম স্থানে রয়েছে এবং ৪ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিকো রয়েছে ১৬তম স্থানে। শেষ ষোলোতে সরাসরি জায়গা নিশ্চিত করতে শীর্ষ আটের মধ্যে থাকা জরুরি হওয়ায় কোনো দলই হাতছাড়া করতে চাইছে না মূল্যবান পয়েন্টগুলো। চোট আঘাতে ভুগছে বায়ার্ন। ইসমাইল সাইবারি ও সার্জ গ্যানাব্রি দলের বাইরে আছেন, অন্যদিকে ‘ডার ক্ল্যাসিকো’র শেষ দিকে চোট পাওয়ায় মাইকেল ওলিসের খেলা নিয়ে সংশয় রয়েছে।
- বিষয় :
- বার্সেলোনা
- অ্যাস্টন ভিলা