দুধ, রুটি, পাস্তা থেকে দূরে থাকেন রোনালদো, কী খান তিনি?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৫:০১ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ | ১৫:০১
৪১ বছর বয়সেও ক্রিশ্চিয়ানো রোনালদোর ফিটনেস ও পারফরম্যান্সে ভাটা পড়েনি। পেশাদার ফুটবলে হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন পর্তুগিজ মহাতারকা। দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে ফিট রাখার পেছনে কঠোর অনুশীলনের পাশাপাশি তার নিয়ন্ত্রিত জীবনযাপন ও খাদ্যাভ্যাসের বড় ভূমিকা রয়েছে।
রোনালদোর খাবারের তালিকায় ভাজাপোড়া, অ্যালকোহল ও অতিরিক্ত চিনির জায়গা নেই, তা অনেকেরই জানা। তবে তার খাদ্যাভ্যাসের আরও একটি ব্যতিক্রমী দিক সামনে এনেছেন সাবেক ব্যক্তিগত শেফ জর্জিও ব্যারোন। তার দাবি, রোনালদো দুধ পান করেন না, এমনকি কোনো ধরনের দুগ্ধজাত খাবারও খান না।
কেন দুধ ও দুগ্ধজাত খাবার এড়িয়ে চলেন রোনালদো? ব্যারোনের ব্যাখ্যা, মানুষের অন্য প্রাণীর দুধ পান করার বিষয়টি তিনি স্বাভাবিক বলে মনে করেন না। কভার্সডটকমকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই শেফ বলেন, ‘রোনালদোর খাবারের তালিকায় দুধ একেবারেই থাকে না। মানুষই একমাত্র প্রাণী, যারা অন্য প্রাণীর দুধ পান করে। অন্য কোনো প্রাণী বড় হওয়ার পরও এভাবে দুধ পান করে না। প্রকৃতিতে এমনটা দেখা যায় না। এ কারণেই রোনালদো তার খাদ্যতালিকায় দুধ বা দুগ্ধজাত কোনো খাবার রাখেন না।’
দুধ না খেলেও রোনালদোর খাদ্যতালিকায় পুষ্টির ঘাটতি থাকে না বলে জানিয়েছেন ব্যারোন। তার মতে, খাবারের ক্ষেত্রে রোনালদো খুব সচেতন হলেও অযথা কঠোর কোনো বিধিনিষেধ মেনে চলেন না। বরং প্রতিটি খাবারে পুষ্টির ভারসাম্য বজায় রাখেন।
সকালের নাশতায় অ্যাভোকাডো, ডিম ও চিনি ছাড়া কফি থাকে রোনালদোর। মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলেন তিনি। দুপুরের খাবারে থাকে মুরগির মাংস কিংবা মাছের মতো চর্বিহীন প্রোটিনের উৎস। সঙ্গে প্রচুর শাকসবজি। চাল বা গমজাতীয় খাবার সাধারণত তাঁর মেন্যুতে থাকে না। শাকসবজি থেকেই প্রয়োজনীয় শর্করা সংগ্রহ করেন তিনি।
রাতের খাবারেও একই ধরনের খাবার প্রাধান্য পায়। চর্বিহীন মুরগির মাংস বা মাছের সঙ্গে থাকে বিভিন্ন ধরনের সবজি। প্রতিটি খাবার এমনভাবে তৈরি করা হয়, যাতে খাবারের পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে।
দুধের পাশাপাশি মিষ্টি, রুটি, পাস্তা এবং প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেটও এড়িয়ে চলেন রোনালদো। তার খাদ্যতালিকায় গুরুত্ব পায় স্বাস্থ্যকর চর্বি ও উচ্চমানের প্রোটিনসমৃদ্ধ খাবার। আর এই নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসই তার দীর্ঘদিনের ফিটনেস ধরে রাখার রুটিনের অন্যতম অংশ।
- বিষয় :
- ক্রিশ্চিয়ানো রোনালদো