প্রবাসীতে বদলে যাওয়া লঙ্কান ফুটবল
ছবি- সমকাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৩:১৫
বারো মিনিটের সংবাদ সম্মেলনের অনেক সময়জুড়েই বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলেছেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। আজ শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে তাঁর চোখে এক নম্বর ফেভারিট বাংলাদেশ। নিজেদের ফেভারিটের তালিকায় না রাখলেও শ্রীলঙ্কার এই দলটি বৈচিত্র্যময়। ১৯ প্রবাসীর সঙ্গে দেশি ফুটবলারদের সংমিশ্রণে গড়া দলটি চমক দেখাতে পারে। ২০৩২ এশিয়ান কাপকে টার্গেট করা লঙ্কানরা সাফে শুধু অংশগ্রহণ করতেই আসেনি; বরং নিজেদের শক্তির জানান দিতে চায়। বাংলাদেশের গ্রুপে পড়া শ্রীলঙ্কা প্রথম ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে ৮ নভেম্বর।
শ্রীলঙ্কার এই দলে ইউরোপিয়ান লিগে খেলা ফুটবলারও আছেন। যাঁর শরীরে শ্রীলঙ্কার রক্ত আছে, তাঁকেই দেশটির ফুটবল ফেডারেশন দলে নিয়েছে বলে বুধবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলটির কোচ মুতাইরি, ‘আমাদের দলে বংশোদ্ভূত খেলোয়াড় আছেন প্রায় ১৮-১৯ জন। আমাদের ফেডারেশন এবং শ্রীলঙ্কা দেশের একটি সুনির্দিষ্ট কৌশল রয়েছে, সে অনুযায়ীই আমরা এগোচ্ছি। যাদের শরীরে শ্রীলঙ্কান রক্ত আছে– সে প্রিমিয়ার লিগে খেলুক বা সপ্তম ডিভিশনে– তাদের সবাইকে দেশের প্রতিনিধিত্ব করার জন্য সাদরে আমন্ত্রণ জানাই। তারা কোথায় বা কোন দলে খেলছে, তা আমাদের কাছে বড় বিষয় নয়। আমাদের খেলোয়াড়দের কেউ কেউ ইংল্যান্ডের ষষ্ঠ বা পঞ্চম ডিভিশনে খেলছেন, আবার কেউ খেলছেন জার্মানির দ্বিতীয় বুন্দেসলিগায়।’
ফেভারিটের প্রশ্ন উঠতেই কূটনৈতিক উত্তর লঙ্কান কোচ মুতাইরির। টানা প্রস্তুতির মধ্যে থাকা বাংলাদেশকেই ফেভারিট মানছেন তিনি, ‘না না, দয়া করে এমনটা বলবেন না (শ্রীলঙ্কাকে ফেভারিট)। কারণ, এমনটা বললে আমাদের ফুটবল ফেডারেশন আমাদের ওপর আরও বেশি চাপ সৃষ্টি করবে। আমি খুব সৎভাবে বলছি, ঘরের মাঠ এবং দর্শকদের কথা যদি ধরি, তাহলে বাংলাদেশই ফেভারিট। তাদের দলে হামজা চৌধুরী আছেন। আমার প্রিয় খেলোয়াড় ফারহান। আমার বিশ্বাস, ফারহান যদি নিয়মিত খেলার সুযোগ পায়, তবে আগামী ১০ বছরে সে পুরো দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় হয়ে উঠবে।
- বিষয় :
- সাফ চ্যাম্পিয়নশিপ
- শ্রীলঙ্কা