ভিদালের গোলে জয় বার্সার
ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৮:২৯
আন্তর্জাতিক বিরতির পর লা লিগার ম্যাচে কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের ১২ মিনিটের মাথায় স্বাগতিক লেগানেসের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে যায় বার্সেলোনা। কাতালানরা প্রথমার্ধে সেই গোল শোধ করতে পারেনি। দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজ গোল করে বার্সাকে সমতায় ফেরায়। এরপর ৭৯ মিনিটের গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে এ ম্যাচে ৪-২-৩-১ ফরমেশনে দল সাজায়। আক্রমণভাগে বার্সার চার তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, অ্যান্তোনিও গ্রিজম্যান এবং উসমান ডেম্বেলেকে খেলান তিনি। কিন্তু চার তারকার সমন্বয়েও প্রথমার্ধে গোল করতে পারেনি বার্সা। বরং তারা শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে মেসির বাড়ানো বল ধরে গোল করেন সুয়ারেজ।
এরপর গ্রিজম্যানকে তুলে আর্তুরো ভিদালকে মাঠে নামায় বার্সেলোনা। মাঝমাঠ শক্ত করে। কিন্তু কিছুক্ষণ পরে আবার মিডফিল্ডার ডি জংকে তুলে নিয়ে তরুণ ফরোয়ার্ড আনসু ফাতিকে মাঠে নামান কোচ ভালভার্দে। কিন্তু ফাতি কিংবা ডেম্বেলে কিছু করতে পারেননি। বদলি নামা আর্তুরো ভিদাল গোল করে দলকে পয়েন্ট খোয়ানোর হাত থেকে বাঁচান।
বার্সেলোনা ম্যাচে অবশ্য খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। গোলের লক্ষ্যে মোট ছয়টি শট নেয় তারা। এর মধ্যে অবশ্য গোল হওয়ার মতো দারুণ দুটি সুযোগ নষ্ট করেন উরুগুয়ের বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। লেগানেস গোলের লক্ষ্যে চারটি শট নিলেও তা থেকে পরে আর গোল করতে পারেনি। বলের দখল নিজেদের পায়ে রেখে বার্সা অবশ্য আধিপত্য নিয়ে খেলে।
- বিষয় :
- খেলা
- ফুটবল
- বার্সেলোনা-লেগানেস
- লা লিগা-২০২০
