ব্যাটিং দেখে হতাশ মাশরাফি
ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক, কলকাতা থেকে
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০১:২৯
কলকাতায় এসেছেন ব্যক্তিগত কাজে। এই ফাঁকে খেলা দেখারও একটা সুযোগ হয়ে যায়। বাংলাদেশ-ভারত দিবারাত্রির টেস্ট ম্যাচের সূচির সঙ্গে মিল রেখেই তো কলকাতা সফরের সূচি ঠিক করেছেন। পরিকল্পনা অনুযায়ী, ২১ নভেম্বর সপরিবারে কলকাতা পৌঁছান মাশরাফি বিন মুর্তজা। পরদিন ইডেনে দিবারাত্রির টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা দেখতেও এসেছিলেন। কিন্তু খেলাটা তৃপ্তিসহকারে দেখা হয়নি তার।
২৬ রানে চার উইকেট হারানোর পরই ইডেন ছেড়ে গেছেন টাইগার ওয়ানডে অধিনায়ক। টেস্টে টাইগারদের পারফরম্যান্স দেখে রীতিমতো হতাশ নড়াইল এক্সপ্রেস। তাই ম্যাচের দ্বিতীয় দিন আর মাঠে আসেননি তিনি।
ইডেনে টস জিতে ব্যাটিং নিয়ে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এই ফরম্যাটে ১৯ বছর খেলার পর টাইগারদের কাছে এতটা বাজে ব্যাটিং আশা করে না দর্শক। যদিও মাশরাফি মাঠের পারফরম্যান্স নিয়ে বেশি কিছু বলতে চাননি। শুধু নিজের হতাশার জায়গাটা তুলে ধরলেন অল্প কথায়, 'চার উইকেট পড়ে যাওয়ার পর বেরিয়ে গেছি। কী করব আর থেকে।'
কলকাতায় কাজ সেরে রোববার রাতেই দেশে ফেরার কথা জানান মাশরাফি। মুমিনুলদের খেলার সময়ে কলকাতায় এসেছেন সাকিব আল হাসানও। ব্যক্তিগত কাজে ভারতে আসা তার। জুয়াড়ির কাছ থেকে তিনবার প্রস্তাব পাওয়ার পরও সে তথ্য আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানানোয় দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে। ভুল স্বীকার করায় শাস্তি এক বছর করা হয়েছে।
নিষেধাজ্ঞায় না পড়লে সাকিবের নেতৃত্বেই ভারতে দ্বিপক্ষীয় সিরিজ খেলত বাংলাদেশ। ইডেনে দিবারাত্রির ঐতিহাসিক টেস্ট ম্যাচে নেতৃত্ব দিতেন তিনি। কিন্তু যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার ওপর, তাতে মাঠে এসেও কোনো আন্তর্জাতিক ম্যাচ দেখতে পারবেন না তিনি। অথচ এখন চাইলেও বাংলাদেশ দলের ড্রেসিংরুমের কাছে ঘেঁষতে পারবেন না সব্যসাচী এই ক্রিকেটার।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ-ভারত-২০১৯
- কলকাতা টেস্ট
- মাশরাফি
