ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

কোহলিকে গ্যাবায় টেস্ট খেলার চ্যালেঞ্জ পেইনের

কোহলিকে গ্যাবায় টেস্ট খেলার চ্যালেঞ্জ পেইনের
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০৪:৫৩

গ্যাবায় হারে না অস্ট্রেলিয়া। ১৯৮৮ সালের পর এই মাঠে টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। ৩১ বছরে তাদের অপরাজিত থাকার রেকর্ড কেউ ভাঙতে পারেনি। সর্বশেষ গ্যাবা টেস্টে রোববার পাকিস্তানকে ইনিংস ও ৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। একক আধিপত্য বিস্তার করেছে। ওদিকে গোলাপি বলের টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারিয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে এখন গ্যাবায় টেস্ট হারানোর মতো ভারত ছাড়া যেন কোন দল নেই। ভারতীয় অধিনায়ক কোহলিকে তাই গ্যাবায় টেস্ট খেলার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অজি অধিনায়ক টিম পেইন।

গ্যাবা টেস্টে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। মিলেশ স্টার্ক ও প্যাট কামিন্সের তোপে ২৪০ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৭৬ রান করেন আসাদ সফিক। জবাবে প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নারের ১৫৪, জো বার্নসের ৯৭ এবং মার্নাস লাবুশানের ১৮৫ রানে ভর করে ৫৮০ রান করে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার হয়ে ম্যাথু ওয়েড খেলেন ৬০ রানের ইনিংস।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৩৫ রানে থামে। দলের হয়ে ১০৪ রান করেন বাবার আযম। এছাড়া রিজওয়ান খেলেন ৯৫ রানের ইনিংস। তাদের ব্যাটে ইনিংস পরাজয় এড়ানোর পথে ছিল পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত পাঁচ রান দূরে থাকতে থেমে যায় তারা। দারুণ এই জয়ের পর কোহলিকে গ্যাবায় টেস্ট খেলার চ্যালেঞ্জ জানিয়েছেন পেইন। কারণ এখানে ১৯৩১ সাল থেকে ৬২ টেস্ট খেলে মাত্র আটটিতে হেরেছে অস্ট্রেলিয়া।

কোহলির উদ্দেশ্যে পেইন বলেন, 'আমরা এই জয়ের ধারা কোহলিদের বিপক্ষেও ধরে রাখতে চাই। আমি নিশ্চিত কোহলির থেকে যে কোন সময় এই প্রস্তাবের উত্তর পাবো। গ্যাবায় বিরাট কোহলিকে খেলার আমন্ত্রণ জানাচ্ছি। তার মতামত পেলে আমরা এখানে টেস্ট খেলতে চায়। তার মুড ভালো থাকলে গোলাপি বলের টেস্টও আয়োজন করা যেতে পারে। দেখা যাক সামনে কী হয়।'

গ্যাবা নিয়ে পেইন জানান, 'এখানে টেস্ট খেলতে আমরা পছন্দ করি। দীর্ঘ দিন ধরে গ্যাবায় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান এবং বোলাররা ভালো খেলে আসছে। এখানে আমরা যে কোন দলের বিপক্ষে খেলতে রাজী আছি। তবে এমন নয় যে, গ্যাবা এমনিতে আমাদের টেস্ট জিতিয়ে দেয়। এখানে দ্রুত আমাদের ক্রিকেটাররা সেরাটা দিতে পারেন।'

আরও পড়ুন

×