‘রাখে হেলমেট, মারে কে!’
টুইটারে কলকাতা পুলিশের শেয়ার করা সেই ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ২২:১৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ | ০১:১১
খেলার মাঠ কিংবা রাস্তা, দুর্ঘটনা এড়াতে হেলমেটের গুরুত্ব যে কতটা তা একটি ছবি দিয়েই বুঝিয়ে দিল কলকাতা পুলিশ। তবে ছবিটি কোনো ভারতীয়র নয়, ছবিটি বাংলাদেশি ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের। খবর জিনিউজের
ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ভারত-বাংলাদেশে প্রথম দিন-রাতের টেস্টের একটি মুহূর্তের ছবি টুইট করেছে কলকাতা পুলিশ। ছবির ক্যাপশনে লেখা রয়েছে “রাখে হেলমেট, মারে কে!”
গোলাপি বলের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত। ভারতীয় পেসারদের বলের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের কোনও ব্যাটসম্যান। টেস্টের প্রথম দিনে ইশান্ত শর্মার বাউন্সার গিয়ে লাগে লিটন দাসের মাথায়। তার পর মোহম্মদ শামির বলে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয় নাইম হাসানেরও। তবে মাথায় হেলমেট থাকায় দু’জনের কেউই তেমন গুরুতর আঘাত পাননি।
টেস্টের দ্বিতীয় দিনেও ইশান্তের বাউন্সার সোজা মহম্মদ মিঠুনের মাথায় লাগে। মাথায় হেলমেট থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছেন মিঠুনও। ইডেন টেস্টের দ্বিতীয় দিনে মহম্মদ মিঠুনের হেলমেটে সজোরে ইশান্তের বাউন্সার লাগার মুহূর্তের ছবিটি টুইট করে ‘সেফ ড্রাইভ, সেভ লাইভ’-এর প্রচারে নেমেছে কলকাতা পুলিশ। দুর্ঘটনা এড়াতে হেলমেটের গুরুত্ব যে কতটা তা বোঝাতেই এই ছবি পোস্ট করা হয়েছে কলকাতা পুলিশের টুইটার হ্যান্ডেলে।
- বিষয় :
- কলকাতা
- মোহাম্মদ মিঠুন
