আর্চারের পাশে রাশফোর্ড, ক্ষমা চাইলেন উইলিয়ামসন
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৩:৪৮
ইংল্যান্ডকে ইনিংস ও ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু জয়ের আনন্দ ছাপিয়ে বর্ণবাদের অভিযোগে বিব্রতকর অবস্থায় পড়েছে দেশটি। ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার অভিযোগ করেছেন, সোমবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ব্যাটিংয়ের সময় তাকে বর্ণবাদী মন্তব্যে বিদ্ধ করেছেন এক দর্শক। অভিযোগটি তদন্ত করার ঘোষণা দেয় নিউজিল্যান্ড। জানায় ক্রিকেট বোর্ড (এনজেডসি) ঘটনা সত্য হলে আর্চারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করবে।
নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ইংল্যান্ড পেস তারকা জোফরা আর্চারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, 'আমি আশা করবো এমন ঘটনা আর কখনই ঘটবে না। আমি এ ঘটনায় আর্চারের কাছে কেবল কিউইদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করতে পারি। আমি এই ঘটনায় শকড।' নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, কাউকে অবমাননা করার শাস্তির ক্ষেত্রে নিউজিল্যান্ড জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ওই ব্যক্তিকে পাওয়া গেলে আমরা পুলিশের হাতে তাকে তুলে দেব।' ইএসপিএন জানিয়েছে, 'সম্ভবত পুলিশ তাকে খুঁজে পেয়েছে।'
ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখা জোফরা আর্চারের পাশে দাঁড়িয়েছেন ইংল্যান্ড ফুটবল দলের তরুণ তারকা এবং ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কোস রাশফোর্ড। তিনি টুইট করেন, 'আজকাল বর্ণবাদের কথা শুনলে খুবই বিরক্ত হয়। আমরা যেখানে আমাদের মেধা বলে অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করছি তখন বর্ণবাদের অভিযোগ শুনতে হবে কেন।'
নিউজিল্যান্ড-ইংল্যান্ড প্রথম টেস্টের শেষ দিনে দলের ইনিংস হার এড়াতে ব্যাটিংয়ে নামেন আর্চার। খেলা শেষে তিনি বর্ণবাদের অভিযোগ তুলে টুইট করেন, 'আজ দলকে (ইনিংস হার থেকে) বাঁচাতে যখন ব্যাটিংয়ে নেমেছি, তখন বর্ণবাদের অপমানসূচক শব্দ শুনতে হয়েছে, যা খানিকটা বিরক্তির উদ্রেক করেছে। এই একটা ব্যক্তি ছাড়া সারা সপ্তাহজুড়ে দর্শকদের আচরণ চমৎকার ছিল।'