লিভারপুল-চেলসি-ইন্টারের পরীক্ষার রাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৬:৩১
রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, জুভেন্টাস কিংবা বায়ার্ন মিউনিখ, টটেনহ্যামের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে। কিন্তু চ্যাম্পিয়ন লিভারপুল, সাবেক চ্যাম্পিয়নস চেলসি কিংবা ইন্টার মিলানের এখনও শেষ ষোলো নিশ্চিত হয়নি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরীক্ষার সামনে আছে আয়াক্স, ডর্টমুন্ডও।
নকআউট পর্বে খেলতে হলে মঙ্গলবার রাতে সালজবার্গের বিপক্ষে অন্তত ড্র করতেই হবে অল রেডসদের। আর হারলেই গ্রুপ পর্বে বিদায় নিতে হতে পারে টানা দু'বার ফাইনাল খেলা ইংলিশ জায়ান্টদের। ম্যাচটি আবার সালজবার্গের মাঠে বলেই ভয় বেশি। অবশ্য অন্য ম্যাচে গেঙ্কের বিপক্ষে নাপোলি পা হড়কালে টিকে থাকবে লিভারপুল। তবে গ্রুপে এক ম্যাচও না জেতা গেঙ্কের ওপর ভরসা করলে জার্গেন ক্লপের চলবে না।
ছিটকে যাওয়ার শঙ্কায় আছে ইন্টার মিলান, বরুশিয়া ডর্টমুন্ড, আয়াক্স ও চেলসির মতো জায়ান্টরাও। গ্রুপ পর্বের শেষ রাউন্ডেঅনেকেরই স্বপ্ন ভঙ্গ হতে পারে। চ্যালেঞ্জটা বেশি ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের। তিনবারের চ্যাম্পিয়নদের শেষ ষোলোতে নাম লেখাতে হলে বার্সেলোনার বিপক্ষে জয়ের চ্যালেঞ্জ নিতে হবে। তবে ঘরের মাঠে মেসি-ডেম্বেলে, আর্থার মেলো-পিকেবিহীন বার্সার বিপক্ষে জয়ের আশা করতেই পারেন কন্তে।
গ্রুপ পর্বের বিদায়ের শঙ্কায় আছে একই গ্রুপে সমান তালে লড়ে যাওয়া আয়াক্স, ভ্যালেন্সিয়া এবং চেলসি। তাদের যে কোন এক দলকে গ্রুপ পর্বেই যাত্রা শেষ করতে হবে। এর মধ্যে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে শীর্ষে থাকা আয়াক্স খেলবে ৮ পয়েন্ট পাওয়া ভ্যালেন্সিয়ার বিপক্ষে। জয়ী দলের তাই নিশ্চিত হবে শেষ ষোলো। চেলসি এবং লিলি ম্যাচের জয়-পরাজয়ের ওপর নির্ভর করে শেষ ষোলোয় যাবে অন্য দল।
