ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

রাজনীতির উত্তাপে এল ক্ল্যাসিকো

রাজনীতির উত্তাপে এল ক্ল্যাসিকো
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০১:২৬

কাতালান স্বাধীনতা আন্দোলনের অস্থিরতার প্রভাবে অক্টোবরের এল ক্ল্যাসিকো পিছিয়ে এসেছে ১৮ ডিসেম্বর। তার পরও কি উত্তাপ এড়াতে পারবে ফুটবলপ্রেমীদের আরাধ্য এ লড়াই? আয়োজকরা অবশ্য নিরাপত্তা নিয়ে কোনো খামতি রাখছে না। বাড়তি সাবধানতা হিসেবে কিক অফের পাক্কা দুই ঘণ্টা আগে খেলোয়াড়, কর্মকর্তা ও রেফারিদের মাঠে নিয়ে আসবে।

দু'দলের খেলোয়াড়দের সকাল থেকেই স্টেডিয়াম লাগোয়া এক হোটেলে জমায়েত করে ফেলা হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হোটেলে দু'দল এক টেবিলে বসে লাঞ্চও সারবে! নিরাপত্তা বেষ্টনীতে মাঠেও যাবে একসঙ্গে। স্পেন সরকারের সতর্ক সংকেতের কারণেই এত কড়াকড়ি। তবে প্রশ্ন হলো, নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে স্বাভাবিক খেলাটা খেলতে পারবেন তো মেসি-রামোসরা! ন্যু ক্যাম্পে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে তো!

রিয়াল মাদ্রিদ বস জিনেদিন জিদান অবশ্য নিরাপত্তা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি কোনো কিছু নিয়েই উদ্বিগ্ন নই। বরং আমি খুশি এ কারণে যে, আমরা একটি এল ক্ল্যাসিকো খেলতে যাচ্ছি। খেলোয়াড় ছিলাম যখন, তখন যেমন লাগত, এখনও সেই অনুভূতি হচ্ছে। এমন একটি ম্যাচের জন্যই আসলে মানুষ বেচে থাকে। তাই আমাদের সবার মাঠে মনোনিবেশ করা উচিত।'

এই ম্যাচটি হওয়ার কথা ছিল ২৬ অক্টোবর। কিন্তু তখন বার্সেলোনায় অগ্নিগর্ভ পরিস্থিতি হওয়ায় ম্যাচ পিছিয়ে দেওয়া হয়। তবে মাস দুয়েক পিছিয়ে গেলেও কাতালান স্বাধীনতা আন্দোলনের প্রভাব থেকে মুক্ত হতে পারছে না এল ক্ল্যাসিকো। আজ ন্যু ক্যাম্পে স্থানীয় সময় রাত ৮টায় খেলা শুরু হবে। খেলা শুরুর চার ঘণ্টা আগে থেকে স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় গণজমায়েতের ঘোষণা দিয়েছেন কাতালুনিয়ার স্বাধীনতাকামীরা। এল ক্ল্যাসিকোকে আন্দোলনকারীদের কবল থেকে রক্ষার জন্য তিন হাজার নিরাপত্তাকর্মী নামিয়েছে স্পেন সরকার।

আন্দোলনের শঙ্কা বাদ দিলে লড়াইটা কিন্তু জমার কথা। লা লিগায় দু'দলের সমান ৩৫ পয়েন্ট। আজ যারা জিতবে তারাই এককভাবে শীর্ষে উঠে যাবে। সম্প্রতি দুই দল ফর্মেও আছে। দারুণ ছন্দে আছেন বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি। গত ১২ ম্যাচে ১৪ গোল করেছেন আর্জেন্টাইন জাদুকর। রিয়ালের ভরসা হয়ে ওঠা করিম বেনজেমাও কিন্তু দারুণ ফর্মে আছেন। গত আট ম্যাচে নয় গোল করেছেন ফরাসি তারকা। তবে চোটের কারণে এডেন হ্যাজার্ড, মার্সেলো, হামেশ রদ্রিগেজ, লুকাস ভাসকেজ ও মার্কো আসেনসিওকে পাচ্ছে না রিয়াল। ইতিহাসও রিয়ালের বিপক্ষে। দু'দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার পাশাপাশি সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে বার্সেলোনা।

আরও পড়ুন

×