বিসিবি খোঁড়া অজুহাত দিচ্ছে: মিসবাহ
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০২:৫৬
পাকিস্তানে টি-২০ সিরিজ খেলতে রাজী হলেও টেস্ট খেলতে চায় না বাংলাদেশ। বিসিবির পক্ষ থেকে সেটা পাকিস্তানকে জানিয়েও দেওয়া হয়েছে। বলা হয়েছে, টি-২০ খেলতে এক সপ্তাহের সফরে পাকিস্তান যেতে পারে বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু নিরাপত্তা ঝুঁকি নিয়ে তিন সপ্তাহ থাকা সম্ভব না। ওদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘরের মাঠে টেস্ট আয়োজনে অনড়।
এবার পাকিস্তান জাতীয় দলের কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হক বললেন, পাকিস্তানে টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়ে অন্যায় করছে বাংলাদেশ। বরং তারা পাকিস্তানের বিপক্ষে টেস্টে ভরাডুবির ভয় এড়াতে খোঁড়া অজুহাত দিচ্ছে।
তিনি বলেন, 'অন্য দল আসছে। টেস্ট খেলছে। বাংলাদেশও টি-২০ খেলতে আসতে চায়। তবে টেস্টে সমস্যা কী। নিরাপত্তার কথা বলে পাকিস্তানে না আসার সিদ্ধান্ত একটা অজুহাত। বাংলাদেশ পাকিস্তানে না এলে সেটা হবে আমাদের কাছে বড় হতাশার।'
মিসবাহ বলেন, 'ঘরের মাঠে টেস্ট খেলতে না পারা মানে আমাদের পিছিয়ে পড়া। ক্রিকেটারদের ঘরের মাঠে টেস্ট খেলা থেকে বঞ্চিত করা। ঘরের মাঠে খেলে আবিদ আলী, বাবর আযম, শান মাসুদরা সেঞ্চুরি করেছে। অধিনায়ক আজহার আলী ফর্মে ফিরছেন। এটা আমাদের জন্য ভালো লক্ষণ।'
মিসবাহ পেস বোলারদের কথা উল্লেখ করে বলেন, 'একজন পেসার যখন বল করার জন্য ছোটেন নিজেদের দর্শকরা তখন উল্লাস করেন। এটা তাকে বাড়তি শক্তি দেয়।' ঘরের মাঠে নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদিদের পারফরম্যান্স দেখে তাই মুগ্ধ পাকিস্তান কোচ। তিনি তার ক্রিকেটারদের গড়ে ওঠার পথ মসৃণ করার পক্ষে।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ
- পাকিস্তান সফর-২০২০
- মিসবাহ
