অবসরের ঘোষণা ফিলান্ডারের
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৭:১৮
আন্তর্জাতিক ক্যারিয়ার এক যুগের হলেও খুব বেশি ম্যাচ খেলা হয়নি ভারনন ফিলান্ডারের; তিন ফরম্যাট মিলিয়ে মোট ৯৭ ম্যাচ। কম ম্যাচ খেলার আক্ষেপ নিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন ৩৪ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া চার টেস্টের সিরিজ শেষেই ইতি টানার ঘোষণা দিয়েছেন ক্যারিয়ার।
তিন ফরম্যাটের মধ্যে সবচেয়ে বেশি খেলেছেন টেস্টে- ৬০টি। ২০০৭ সালে ওয়ানডে অভিষেক হলেও এক যুগে সুযোগ হয়েছে মাত্র ৩০টিতে, যার শেষটি আবার চার বছর আগে। আর টি২০ খেলেছেন মোটে ৭টি। যৌথভাবে দ্বিতীয় দ্রুততম পঞ্চাশ উইকেট ও ১৯তম টেস্টে শততম উইকেটপ্রাপ্তির মাধ্যমে অন্যতম দ্রুততম শিকারির অর্জন আছে তার ক্যারিয়ারে। একবার উঠেছিলেন আইসিসি টেস্ট বোলিং র্যাংকিংয়ের শীর্ষে।
২০১২ সালে হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার। জ্যাক ক্যালিসের অবসরের পর তাকেই ভাবা হয়েছিল বিকল্প অলরাউন্ডার। তবে টেস্টে প্রয়োজন মেটাতে পারলেও চোট ও ফর্মজনিত কারণে সীমিত ওভার ক্রিকেটে তা পারেননি। বয়স ৩৪ পার হয়ে গেছে বলে এখন আর টেস্টেও এগোতে চাইছেন না তিনি। সোমবার তাই অবসরের আগাম ঘোষণা দিয়েছেন, 'মনে হয়েছে সরে যাওয়ার এটিই সেরা সময়। ক্যারিয়ারের সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ইংল্যান্ড সিরিজই আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ।'
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- দক্ষিণ আফ্রিকা
- ফিলান্ডার অবসর
