ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

তিন মৌসুম পর বিপিএলে ফিফটি সৌম্যর

তিন মৌসুম পর বিপিএলে ফিফটি সৌম্যর
×

ছবি: বিসিবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৫:৩১ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৫:৩৮

মারকুটে ব্যাটিংয়ে অভ্যস্ত সৌম্য সরকার। বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে সৌম্য জনপ্রিয়তা পেয়েছেন ওয়ানডে ক্রিকেটে দারুণ কিছু ঝড়ো ইনিংস খেলার জন্য। কিন্তু সেই সৌম্য তার সামর্থ্যের সঙ্গে ন্যায় বিচার করতে পারেননি। দ্রুত রান তুলতে পছন্দ করলেও সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট দারুণ ব্যর্থ তিনি।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অর্ধ-শত ম্যাচ খেলার পথে আছেন তিনি। অথচ জাতীয় দলের হয়ে তার ফিফটি মাত্র একটি। বিপিএলেও এখন পর্যন্ত সৌম্যকে ব্যর্থ বলা ছাড়া উপায় নেই। ২০১২ সাল থেকে বিপিএলে খেলছেন তিনি। মোট সাত আসরে অংশ নিয়ে সৌম্য ফিফটি পেয়েছেন মাত্র দুটি। এর মধ্যে শনিবার বঙ্গবন্ধু বিপিএলে টি-২০ ক্যারিয়ার সেরা ৮৮ রানের ইনিংস খেলেছেন। তারপরও রাজশাহীর বিপক্ষে দলকে জেতাতে পারেননি সাতক্ষীরার এই ব্যাটিং অলরাউন্ডার।

রাজশাহী রয়েলসের বিপক্ষে কুমিল্লা ওয়ারিয়র্সের সৌম্য তিন মৌসুম পরে পেলেন ফিফটির দেখা। ২০১২ সালের বিপিএলে অভিষেক হয় তার। সেবার মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান সৌম্য। পরের আসরে ৪ ম্যাচ খেললেও নিজেকে প্রমাণ করতে পারেননি। বিপিএলের ২০১৫ সালের আসরে ১২ ম্যাচ খেলে সৌম্য সর্বোচ্চ ৫৮ রানের একটি ইনিংস খেলেন। ১৬ গড়ে রান করেন ১৭৭। বিপিএলে সেটাই ছিল তার একমাত্র ফিফটি।

মধ্যে বিপিএলের ২০১৬, ২০১৭ এবং ২০১৯ সালের আসর গেছে। ব্যাটে ফিফটির দেখা পাননি সৌম্য। তিন মৌসুম পরে বিপিএলে সেই ফিফটির খরা কাটালেন সৌম্য। তিনি অবশ্য আগের আসরগুলোর চেয়ে এবার কিছুটা উজ্জ্বল। বেশ কটা ম্যাচে রান পেলেও ইনিংসগুলো শেষ পর্যন্ত বড় হয়নি। তার ৩৫ কিংবা ৪১ রানের ইনিংসগুলো থেমেছে পঞ্চাশের আগেই। 

রাজশাহীর বিপক্ষে বড় ইনিংস খেললেও সৌম্য দলকে জেতাতে পারেননি। প্রথমে ব্যাট করে রাজশাহী এ ম্যাচে শোয়েব মালিকের ৬১ এবং আফিফ হোসেন ও আন্দ্রে রাসেলের যথাক্রমে ৪৩ ও ৩৭ রানে ভর করে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে। জবাবে কুমিল্লা সমান ৪ উইকেট হারিয়ে করতে পারে ১৭৫ রান। সাব্বির-ভ্যান জিলদের বেশি ডট খেলাই কাল হয়েছে কুমিল্লার জন্য।

আরও পড়ুন

×