ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

মিলানে ফিরলেন 'বুড়ো' ইব্রা

মিলানে ফিরলেন 'বুড়ো' ইব্রা
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৬:৩৮

জ্লাতান ইব্রাহিমোভিচের ক্যারিয়ারে জার্মান বুন্দেসলিগা হয়তো একটা আক্ষেপ হয়ে থাকবে। লা লিগা, প্রিমিয়ার লিগ, সিরি আ', লিগ ওয়ান থেকে ডাচ লিগ এবং যুক্তরাষ্ট্রের ক্লাবে খেলার অভিজ্ঞতা নিয়েছেন ইব্রা। ক্যারিয়ার সায়াহ্নে চলে আসায় ম্যানইউ থেকে ইব্রা গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের লিগে। সেখান থেকে আবার ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একটি সিরি আ'তে ফিরেছেন তিনি। ৩৮ বছরের 'বুড়ো' ইব্রা যেভাবে ছুটছেন জার্মান লিগেও তার পা পড়ে কি-না জোর দিয়ে বলার জো নেয়।

ক্যারিয়ারের সেরা সময়ে জুভেন্টাস, ইন্টার মিলানে খেলেছেন ইব্রাহিমোভিচ। এরপর বার্সেলোনা থেকে খেলেছেন এসি মিলানে। দীর্ঘ আট বছর পর ইব্রার আবার সেই এসি মিলানে ফেরার গুঞ্জন কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল। শেষমেশ গুঞ্জন সত্যি হলো। ফ্রিতে নিজের পুরোনো ক্লাব এসি মিলানে যোগ দিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। আপাতত চলমান মৌসুম শেষ হওয়া অবধি ইব্রার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে মিলান। যেখানে চুক্তি নবায়নের একটা শর্তও আছে। ফলে ইতালিয়ান ক্লাবটি চাইলে আরও সময় দলে রাখতে পারে সুইডিশ তারকাকে।

এর আগে দুই মৌসুম মিলানে ছিলেন ইব্রা। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত ওই সময়ে ক্লাবটির হয়ে সিরি-এ লিগের শিরোপাও জেতেন তিনি। পুনরায় মিলানে ফিরতে পেরে উচ্ছ্বসিত এই সুপারস্টার, 'আমি আবারও ফিরে এলাম। সত্যি করে বলতে, আমি খুবই পছন্দ করি মিলানকে। এটা আমার ভালোবাসার শহর। চেষ্টা থাকবে সতীর্থদের নিয়ে মৌসুমের বাকিটা সময় লড়াই করতে। দলকে এগিয়ে নিতে আমি সব কিছু করতে প্রস্তুত।'

বয়স ৩৮, এখনও ছাড়েননি ফুটবল। দীর্ঘ ২০ বছর শীর্ষ পর্যায়ের ফুটবল খেলছেন তিনি। সর্বশেষ ছিলেন আমেরিকান ক্লাব লা গ্যালাক্সিতে। এ বছরই সেই ক্লাবকে গুডবাই বলেছেন ইব্রা। এবার শুরু ইব্রার আরেকটা নতুন লড়াই। মিলানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতেই হবে ইব্রার মেডিকেল টেস্ট। এরপরই এসি মিলানের জার্সিতে মাঠে নামবেন তিনি, 'ইব্রার মতো কাউকে পেয়ে মিলান আনন্দিত। ক্লাবটি তার সঙ্গে ছয় মাসের জন্য আপাতত চুক্তি করেছে। আশা করি এটা আরও দীর্ঘায়িত হবে।'

আরও পড়ুন

×