ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

পন্টিংয়ের চোখে সেরা ফিনিশার ধোনি

পন্টিংয়ের চোখে সেরা ফিনিশার ধোনি
×

ধোনির ব্যাটিং দেখে মোহিত অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১ | ০৭:১৫ | আপডেট: ১২ অক্টোবর ২০২১ | ০৭:৩৪

শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। প্রথম বলেই চেন্নাই হারায় মঈনের উইকেট। তবে বিপদ আর বাড়তে দেননি মহেন্দ্র সিং ধোনি। পরের তিন বলে টানা তিন চার মেরে খেলা শেষ করে দেন ভারতের সাবেক অধিনায়ক। এতেই দিল্লিকে হারিয়ে ফাইনালের টিকেট পেয়ে যায় চেন্নাই।

আইপিএলের এবারের আসরে যেন নিজেকে হারিয়ে খুঁজেছেন ধোনি। পুরো আইপিএলে ধোনি ম্যাজিক দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট সমর্থকেরা। অবশেষে কোয়ালিফায়ার-১ এ ধোনিকে দেখা গেল অন্য ছন্দে। যার ব্যাটিংয়ে ভর করেই আইপিএলের ইতিহাসে নবমবারের মতো ফাইনালে উঠেছে চেন্নাই।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এদিন ছয় বলে ১৮ রানের ঝলমলে ইনিংস খেলেছেন ধোনি। আর এতেই সমালোচকদের মোক্ষম জবাব দিয়ে আবারো আলোচনায় এলেন তিনি। নিজের দলের বিপক্ষে ধোনির ব্যাটিং দেখে মোহিত অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

ম্যাচ শেসে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেন, 'ধোনি অন্যতম সেরা ফিনিশার। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। ও অবসর নেওয়ার পরেও সর্বকালের অন্যতম সেরা ফিনিশার হিসেবেই ওর নাম লেখা থাকবে। আমরা বাইরে বসে এটাই ভাবছিলাম। রবীন্দ্র জাদেজা নয়, ধোনি নেমে ম্যাচটা ঠাণ্ডা মাথায় শেষ করতে চাইবে।'

নিজের দলের বোলাররা যে ভুল করেছে, সেটাও মেনে নিলেন পন্টিং। তিনি বলেন, 'আমরা ওর বিরুদ্ধে সে ভাবে কিছু করতে পারিনি। একবার সুযোগ দিলে খেসারত দিতে হবে, সেটা জানতাম। আর সেটাই হয়েছে। দীর্ঘদিন ধরেই ও এই কাজটা করে আসছে।'

ঋষভ পন্থদের দেওয়া ১৭৩ রানের লক্ষে নেমে দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয় চেন্নাই। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। অধিনায়ক ধোনির ব্যাটে ভর করেই নবম বার আইপিএল-এর ফাইনালে উঠল সিএসকে। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×