ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

মাশরাফির অবসর নিয়ে জল্পনা

মাশরাফির অবসর নিয়ে জল্পনা
×

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০১:১৮

মাশরাফি বিন মুর্তজা সর্বশেষ টেস্ট খেলেছেন ১০ বছর আগে। ২০১৭ সালের এপ্রিলে শ্রীলংকা সফরে টি২০ থেকে অবসর নেন। এখন কেবল ওয়ানডে খেলছেন ডানহাতি এ পেসার। তবে এখনও আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও ভবিষ্যতে তার আন্তর্জাতিক ক্রিকেট খেলার সম্ভাবনা অনেকের মতেই বেশ কম।

গত বিশ্বকাপের সময় থেকেই ওয়ানডে থেকেও তার বিদায়ের গুঞ্জন শোনা যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে অবশ্য এখনও কিছু বলেননি রাজনীতিতে যোগ দিয়ে সংসদ সদস্য হওয়া মাশরাফি। অবসর নিয়ে কথা বলতে বিশ্বকাপের পর তার সঙ্গে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তার বিদায়ী ম্যাচ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছিল বিসিবির পক্ষ থেকে; কিন্তু তিনি রাজি হননি। সহসা জাতীয় দলের কোনো ওয়ানডেও নেই। আগামী মে মাসে আয়ারল্যান্ডে ওয়ানডে খেলবে জাতীয় দল। ওই সিরিজে মাশরাফির খেলা নিয়েও সন্দেহ রয়েছে। ক'দিনের মধ্যে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করবে বিসিবি। সেখানেও মাশরাফির না থাকার সম্ভবনাই বেশি।

চলমান বিপিএলে মাশরাফি খেলছেন। তবে ঘনিষ্ঠ অনেকের কাছে নাকি তিনি ইঙ্গিত দিয়েছেন, দেশের পক্ষে আর ওয়ানডে নাও খেলতে পারেন। অনেকটা অভিমান থেকেই নাকি তিনি ঘটা করে আনুষ্ঠানিক অবসরের পথে হাঁটতে চাইছেন না। তাহলে কি ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে খেলা ওয়ানডেই দেশের সবচেয়ে সফল অধিনায়কের শেষ ওয়ানডে হয়ে থাকল?

বিসিবি অবশ্য ঘরের মাঠে ঘটা করে মাশরাফিকে বিদায় দেওয়ার ব্যাপারে এখনও অবিচল। মাশরাফি না চাইলে অবশ্য তাদের করার কিছু থাকবে না।

আরও পড়ুন

×