ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ভারতের চাপে সফর বাতিল করছে বাংলাদেশ: পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী

ভারতের চাপে সফর বাতিল করছে বাংলাদেশ: পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০২:১৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৪:১৪

ভারতের চাপে বাংলাদেশ আন্তর্জাতিক টি-২০ ও টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যেতে চাচ্ছে না বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বাংলাদেশের পাকিস্তান সফর করার ইচ্ছা আছে। কিন্তু ভারত তাদের থামিয়ে দিচ্ছে।

বাংলাদেশের আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা আছে। সূচি অনুযায়ী, তিন ম্যাচের টি-২০ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলার কথা আছে। কিন্তু নিরাপত্তা এবং ক্রিকেট খেলার পরিবেশ নিয়ে প্রশ্ন থাকায় বাংলাদেশ পূর্ণাঙ্গ সফরে পাকিস্তান যেতে চায় না।

টি-২০ খেলাতে বাংলাদেশ এক সপ্তাহের জন্য পাকিস্তান সফরে যেতে আগ্রহী। তাতেও অবশ্য শর্ত আছে। কিন্তু একবারে টেস্ট খেলে ফিরতে হলে প্রায় তিন সপ্তাহ পাকিস্তানে থাকতে হবে ক্রিকেটারদের। কোচিং স্টাফদের সঙ্গে বাংলাদেশ দলের বেশ কিছু ক্রিকেটার তাই এই সফর নিয়ে অনীহা প্রকাশ করেছেন। তবে পাকিস্তান বিষয়টি মানতে নারাজ।

তারা বিভিন্নভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছে। দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ মিসবাহ উল হক, টেস্ট অধিনায়ক আজহার আলী থেকে শুরু করে সাবেক ক্রিকেটার রশিদ খান, রশিদ লতিফ কিংবা জাভেদ মিয়াদাঁদরা এই সিরিজ নিয়ে খোঁচা দিচ্ছেন বাংলাদেশকে।

এবার দেশটির পররাষ্ট্রমন্ত্রীও নামলেন সেই পথে। তিনিও মিয়াদাঁদের মতো দায় চাপালেন ভারতের ওপর। বললেন, 'বাংলাদেশ ভারতের চাপে পড়ে পাকিস্তান সফরের আসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।'

আরও পড়ুন

×