ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

পাঁচ কিমি গতি বাড়ানো সম্ভব ইবাদতের বলে!

পাঁচ কিমি গতি বাড়ানো সম্ভব ইবাদতের বলে!
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০৪:২২

বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডার্স পয়েন্ট টেবিলে তালানিতে আছে। কিন্তু দারুণ দু'জন কোচ পেয়েছেন তারা। প্রধান কোচ হিসেবে আছেন হার্সেল গিবস এবং বোলিং কোচের দায়িত্ব পালন করছেন সাবেক প্রোটিয়া পেসার ন্যান্টি হ্যাওয়ার্ড।

দক্ষিণ আফ্রিকান এই পেসার নেটে বেশ সময় ধরে কাজ করছেন বাংলাদেশ জাতীয় দলের ফলায় যোগ হওয়া নতুন পেসার ইবাদত হোসেনের সঙ্গে। নিজের সময় আগুন ঝরানো বোলিং করেছেন তিনি। যদিও আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ হয়নি তার। কোচিংয়ে নেমে তৈরি করছেন আগুন ঝরানো বোলিং। তার হাত ধরেই উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার নতুন পেস সেনসেশন এনরিক নর্টজে। যিনি ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারেন।

হ্যাওয়ার্ড মনে করেন একজন আদর্শ পেস বোলার হওয়ার সবটাই আছে ইবাদতের মধ্যে। কিছুটা বদল এনে দারুণ একটা অ্যাকশন পেয়েছেন তিনি। তার আরও পরিশ্রম করতে হবে। আর তার পায়ের পজিশন নিয়ে কিছু কাজ করতে পারলে বেশ গতি বাড়ানো সম্ভব।

হ্যাওয়ার্ড বলেন, 'ভালো পেস বোলার হতে হলে আপনাকে অবশ্যই জিমে অনেক পরিশ্রম করতে হবে। আরও শক্তিশালী হতে হবে। আমরা এখন ইবাদতের কিছু টেকনিক্যাল দিক নিয়ে ব্যস্ত সময় পার করছি। আমাদের মনে হচ্ছে সে আরও জোরে বল করতে পারবে। বল করার সময় তার পেছনের পা কিছুটা সামনে চলে আসে। এটা যদি ঠিক করতে পারি তার বলে আরও পাঁচ কিলোমিটার গতি বাড়ানো সম্ভব।'

ইবাদত হোসেন ১৪০ কিলোমিটারের ওপরে গতি দিয়ে বল করতে পারেন। বিপিএলের চলতি আসরে বেশ সফল পেসার তিনি। লাইন-লেন্থও ভালো রেখে বোলিং করছেন। সিলেটের বোলিং কোচ ইবাদতকে নিয়ে বলেন, 'সেরা মানের পেসার হওয়ার সব গুন আছে ইবাদতের মধ্যে। ভালো অ্যাকশন তার, সুন্দর সেট আপ এবং তার ছন্দও ভালো। শুধু একটু এদিন-ওদিক করতে পারলে বাংলাদেশের অন্যতম সেরা পেসার হবে সে।'

তবে ইবাদতের ব্যাপারে খুব বেশি জানাশোনা নেই বলেও উল্লেখ করেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক তারকা পেসার। তার অভিজ্ঞতার অভাব কোচের চোখে পড়েছে। তার প্রতি সিলেট কোচের পরামর্শ, যত বেশি ম্যাচ খেলবে, তত শিখবে। তার আশ-পাশের সিনিয়র ক্রিকেটাররা যদি তাকে ঠিক মতো পরামর্শ দেন তবে ইবাদত দুই-তিন বছরের মধ্যে বাংলাদেশের অসাধারণ ক্রিকেটার হবেন বলেও উল্লেখ করেন হ্যাওয়ার্ড।

আরও পড়ুন

×