ঢাকা-রাজশাহীর চাপ কমাল রংপুর
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০৬:০০
রংপুর রেঞ্জার্সের বেশ কিছু ক্রিকেটার ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। মুস্তাফিজ টানা দুই ম্যাচে দুর্দান্ত বল করে দলকে জিতিয়েছেন। তাসকিন বেঞ্চ থেকে খেলার সুযোগ পেয়ে উইকেট পেয়েছেন। নাঈম-দেলপোর্টরা ব্যাটে রানও পাচ্ছিলেন। দলও জিতছিল। চাপ বাড়ছিল কুমিল্লা ওয়ারিয়র্স, ঢাকা প্লাটুন এবং রাজশাহীর রয়্যালসের ওপর।
কিন্তু সিলেট পর্বের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৩০ রানে হেরে বঙ্গবন্ধু বিপিএল পানসে করে দিল রংপুর। নিজেদের বিদায়ের পথ আরও এগিয়ে নিল। রাজশাহী, চট্টগ্রাম কিংবা ঢাকার শেষ চারে যাওয়ার পথও অনেকটা পরিষ্কার করে দিল। আর তার দায় অনেকটা মুস্তাফিজ-তাসকিনের ওপরই। তারা বেশিই খরুচে বোলিং করেছেন এ ম্যাচে।
প্রথমে ব্যাট করে রাজশাহী রয়্যালস ১৭৯ রান তোলে। দলের টপ অর্ডারে প্রায় সবাই ভালো ব্যাটিং করেন। লিটন দাস ভালো শুরু করে ১৯ রান করে ফেরেন। তবে অন্য ওপেনার আফিফকে নিয়ে জুটি গড়েন ৫১ রানের। লিটনের পর আফিফ দুই ছক্কা ও তিন চারে ১৭ বলে ৩২ রান করেন। তিনে নেমে শোয়েব মালিক খেলেন ৩৭ রানের ইনিংস। এরপর রবি বোপারা ২৯ বলে ৫০ রান করলে ভালো সংগ্রহ পেয়ে যায় রাজশাহী।
জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া থেকে উড়ে আসা সাবেক অজি ওপেনার শেন ওয়াটসন এ ম্যাচেও ব্যর্থ হন। প্রথমবার বিপিএল খেলতে এসে নেতৃত্ব দিয়ে দলকে দুই জয় এনে দিলেও ব্যাট হাতে ব্যর্থ তিনি। এ ম্যাচে করেন মাত্র ৯ বলে ২ রান। অন্য ওপেনার নাঈম শেখ অবশ্য ২৭ রান করেন। পরে ফজলে মাহমুদ সেট হয়ে ৩৪ ও টম অ্যাবেল ২৯ রান করে ফিরলে হার মেনে নিতে হয় রংপুরের।
এই জয়ে রাজশাহী ৯ ম্যাচে ৬ জয়ে শীর্ষে উঠল। সমান ম্যাচে সমান জয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আছে দুইয়ে। পাঁচটি করে জয় নিয়ে খুলনা তিনে ও ঢাকা আছে চারে। কুমিল্লা ও রংপুর তিনটি করে জয় পেয়েছে।
