লেগ বাই তুলে দিতে চান ওয়াহ
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০২:০০
ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান সুযোগ পেলেই দৌড়ে রান নেবেন এটাই ক্রিকেটের নিয়ম। হোক সেটা ব্যাটে লাগিয়ে, শরীরে লাগিয়ে কিংবা উইকেটরক্ষক বল মিস করলে। কিন্তু ব্যাটসম্যান বল ব্যাটে লাগাতে না পারলে রান নেওয়ার বিপক্ষে মার্ক ওয়াহ।
তার মতে, ব্যাট যদি বলই না ঠেকে, তাহলে লেগ বাই বলে অতিরিক্ত রান দল কেন পাবে? ক্রিকেট থেকে লেগ বাই এর নাম করে স্কোরবোর্ডে রান যোগ হওয়া নিয়মের বদল চান সাবেক অজি তারকা।
বিগ ব্যাশ টি-২০ লিগে ধারাভাষ্য দেওয়ার সময় এমনই মন্তব্য করেন অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা এই ব্যাটসম্যান। মেলবোর্ন স্টারস এবং সিডনি থান্ডার্সের মধ্যে ম্যাচ চলাকালীন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে ধারাভাষ্যে ওয়াহ বলেন, 'আমি পারলে ক্রিকেটের একটা নিয়ম বদলে ফেলতাম। লেগ বাই বলে কোন রান রাখতাম না। আপনি একটা বল ব্যাটে লাগাতে পারেননি, তাহলে রান কেন নেবেন?'
মার্ক ওয়াহ অবশ্য তার যুক্তিতে মাইকেল ভনের সমর্থন পাননি। ভন সরাসরি বিপক্ষে অবস্থান না নিলেও তিনি এড়িয়ে গেছেন ওয়াহর যুক্তি, 'এটা আসলে ক্রিকেটের অংশ হয়ে গেছে।'
ওয়াহ আবার পাল্টা যুক্তি দেখিয়ে বলেন, 'এটা খেলার অংশ সেটা আমিও জানি। কিন্তু ক্রিকেটের উন্নয়নে আমরা নিয়ম পরিবর্তন করতে পারি? মূল নিয়ম হলো ব্যাটে বল লাগলে রান হবে। তাহলে লেগ বাই বলে শব্দ কেন থাকবে।' তিনি আরও বলেন, আমার মনে হয় উনিশ শতকের কোনো সাধারণ মানের ব্যাটসম্যান এই নিয়ম বানিয়েছিলেন।'
ভন শেষমেষ মার্ক ওয়াহকে এমসিসির ক্রিকেট কমিটিতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, 'গত ক'বছরে আমরা ক্রিকেটে অনেক নতুন জিনিস দেখেছি। টি-২০ এসেছে, একশ' বলের ক্রিকেট আসছে, পাঁচ দিনের টেস্ট চার দিনের করার আলোচনা চলছে। তবে আমার কাছে মার্কের প্রস্তাবটা সবচেয়ে ভালো লেগেছে।'
এরপর মার্ককে খোঁচার ভঙ্গিতে বলেন, 'আমার মনে হয় মার্ক এমসিসিতে তোমার থাকা উচিত। তোমার যেমন চিন্তাভাবনা, তুমি কমিটিতে বেশ ভালোই করতে পারবে। বছরে অন্তত দু'বার লন্ডনে যাওয়ার সুযোগ পাবে। লর্ডসের এমসিসির সুন্দর এক কক্ষে বসতে পারবে!'
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- মার্ক ওয়াহ-মাইকেল ভন
