ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

পাকিস্তানে দল পাঠাবেন সৌরভ, আশা লতিফের

পাকিস্তানে দল পাঠাবেন সৌরভ, আশা লতিফের
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০২:৩৮ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ০২:৪৬

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে এবং ভারতকে পাকিস্তান সফরে যেতে সৌরভ গাঙ্গুলি সহায়তা করবেন বলে আশা প্রকাশ করেছেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।

সাবেক পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে আশা দেখাচ্ছে ভারতের ২০০৪ সালের সিরিজ। তখন সৌরভ গাঙ্গুলি ভারতের অধিনায়ক ছিলেন। এখনকার মতো তখনও ভারত-পাকিস্তানের রাজনৈতিক সংকট ছিল। কিন্তু সৌরভ নিজে দলের ক্রিকেটারদের বুঝিয়ে পাকিস্তান সফর করান বলে উল্লেখ করেন রশিদ লতিফ।

তিনি বলেন, '২০০৪ সালেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পাকিস্তান সফরে যেতে আগ্রহী ছিল না। সৌরভ গাঙ্গুলি বোর্ড এবং তার দলের ক্রিকেটারদের বিষয়টি বুঝিয়ে বলেন। ভারতের কাছে ওই সিরিজটা খুবই স্মরণীয়। কারণ দীর্ঘদিন পরে পাকিস্তানে সিরিজ জিতেছিল ভারত।'

সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারত সেবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল ৩-২ ব্যবধানে। আর তিন ম্যাচের টেস্টে ২-১ ব্যবধানে জয় তুলে নেয়। সংবাদমাধ্যম দি নেশনকে সেই কথা স্মরণ করে রশিদ লতিফ বলেন, 'একজন ক্রিকেটার এবং বোর্ড সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলি পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এর চেয়ারম্যান এহসান মানিকে সহায়তা করবেন আশা করছি। বিশ্বের মানুষ ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে চাই। সৌরভ এগিয়ে না আসলে দু'দেশের বন্ধ থাকা দ্বিপাক্ষিক সিরিজ হবে না।'

রশিদ লতিফ মনে করেন, শ্র্রীলংকার সর্বশেষ পাকিস্তান সফরটা তাদের দেশে ক্রিকেট ফেরার পথে বড় অবদান রাখবে, 'শ্রীলংকার হাত ধরে এক দশক পরে পাকিস্তানে ক্রিকেট ফিরেছে। এটা শুধু পাকিস্তান ক্রিকেটকে উজ্জ্বীবিত করেছে এমন নয় দেশের ক্রিকেট প্রেমিদেরও জাগিয়ে তুলেছে। আমাদের অধিকাংশ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিদেশি দল না আসায় মারাত্মকভাবে ঝুঁকিতে আছে।'

আরও পড়ুন

×