'কোটি টাকার বিনিময়ে ম্যাচ ছাড়তে বলেছিলেন মালিক'
শেন ওয়ার্ন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২ | ০৬:১৮ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ | ০৬:১৮
প্রায় দেড় যুগ আগের এক এক ঘটনা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ান সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। ১৯৯৪ সালে পাকিস্তান সফরে গিয়ে করাচি টেস্টে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছেন এই ক্রিকেট কিংবদন্তি।
১৯৯৪ সালে পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই সফরে করাচি টেস্টের শেষদিনের জয়ের জন্য ৭ উইকেটের দরকার ছিল সফররত অস্ট্রেলিয়ান। পঞ্চমদিনের খেলায় মাঠে নামার আগেই নাকি পাকিস্তানের তৎকালীন অধিনায়ক সেলিম মালিক ওয়ার্নকে দুই লাখ ডলার ঘুষের প্রস্তাব দিয়েছিলেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা।
ওয়ার্ন বলেন, 'মালিক বলেছিলো, ভাল খেলা হচ্ছে। আমি বলেছিলাম, কাল মনে হচ্ছে আমরাই জিতব। সেই সময় সে বলে, আমরা হারতে পারবো না। তুমি জান না পাকিস্তানের মাটিতে আমরা হারলে কি হতে পারে। আমাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, আমাদের আত্মীয়দের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে।'
ওয়ার্ন আরও বলেন, 'আমি বুঝতে পারছিলাম না কি বলব। আমি অবাক হয়ে চুপ করে বসেছিলাম কিছুক্ষণ। তারপর বলেছিলাম কাল তোমাদের হারাবোই।'
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০০০ সালে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হন মালিক। ওয়ার্ন বলেন, '৩০ বছর আগে এটা নিয়ে কোনও কথা হয়নি। কখনও এটা সামনেও আসেনি। মালিক যখন আমাকে প্রস্তাব দিয়েছিলো, আমি চমকে গিয়েছিলাম। আমি ঐ ব্যাপারে কিছুই জানতাম না।'
শেষ পর্যন্ত টেস্টটি ১ উইকেটে হারে অস্ট্রেলিয়া। ইনজামাম উল হক ৫৮ ও শেষ ব্যাটার মুশতাক আহমেদ ২০ রানে অপরাজিত থাকেন। শেষ উইকেটে ৫৭ রান যোগ করেন ইনজি ও মুশতাক।
ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে কি হয়েছিলো, সেটিও জানান ওয়ার্ন। তিনি বলেন, 'ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দাঁড়িয়ে ছিলাম আমরা। পাকিস্তানের দিকে তাকিয়ে ছিলাম আমি। মালিক বসে ছিল সেখানেই। তার মুখ যেন বলতে চাইছে- 'তুমি টাকাটা নিতে পারতে।'
মালিকের প্রস্তাব অস্ট্রেলিয়ার তখনকার অধিনায়ক মার্ক টেলর এবং কোচ বব সিম্পসনকে জানিয়েছিলেন বলে দাবী করেন ওয়ার্ন।
- বিষয় :
- শেন ওয়ার্ন
- ফিক্সিং
- পাকিস্তান
- অস্ট্রেলিয়া
- সেলিম মালিক
