চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় গিবসন
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০ | ০২:৩৩
বঙ্গবন্ধু বিপিএল থেকে ছিটকে গেছে কুমিল্লা ওয়ারিয়র্স। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান কোচ ওটিস গিবসনের দায়িত্বও তাই আপাতত শেষ হয়েছে। তবে বিপিএলে কোচিং করাতে এসে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার। এখনও সেই সম্ভাবনা চূড়ান্ত রূপ পায়নি। গিবসন তাই বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিং আছে। পাকিস্তান সফর এবং জাতীয় দলের বোলিং কোচ নিয়ে সিদ্ধান্ত ওই মিটিংয়েই সারবেন বোর্ড কর্মকর্তারা। গিসবন মনে করছেন, বাংলাদেশের সঙ্গে তার কাজ করা হবে কি-না ওই মিটিংয়েই তা নিশ্চিত হয়ে যাবে।
কুমিল্লার সঙ্গে কাজ করা এই কোচ বলেন, 'আমি আগেই বলেছি যদি বোর্ড চায় দায়িত্ব নেওয়ার জন্য আমি এখন ফ্রি আছি। আগামীকালের মিটিংয়ে কী হয় আমি তা জানতে মুখিয়ে আছি। বিসিবি কর্মকর্তাদের সঙ্গে শেষবার কথা হওয়ার পরে এ নিয়ে আর আলাপ হয়নি। শুনছি কাল তাদের গুরুত্বপূর্ণ এক মিটিং আছে। তারপরই আমি কিছু একটা জানতে পারবো বলে ধারণা করছি।'
বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে চার্লস ল্যাঙ্গাভেল্টে দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু নিজ দেশ দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের দায়িত্ব পাওয়ায় ল্যাঙ্গাভেল্টে বিসিবির থেকে ছাড়পত্র চেয়ে নিয়েছেন। এরপর থেকেই কোচ খুঁজছে বিসিবি। বিপিএলের সুবাদে হাতের নাগালে অভিজ্ঞ ওটিস গিবসনকে পেয়ে গেছেন তারা।
গিসবন তার কোচিং দর্শন নিয়ে জানান, বোলারদের তিনি উইকেট তুলে নেওয়ার দিকে জোর দেন। রান খেলেও ব্যাটসম্যানকে আউট করার দিকে ফোকাস রাখার কথা বলেন তিনি, 'ভালো বলেও আপনি মার খেতে পারেন। আমার কাছে এক ওভারে ২৪ রান দিয়ে এক উইকেট নেওয়াও খারাপ না। প্রতি ওভারে ১০ রান খেয়ে এক উইকেট নিলেও স্পেল শেষে ৪০ রানে ৪ উইকেট হয়। এটা খারাপ নয়। কারণ উইকেট তুলে নিলে প্রতিপক্ষের রানের গতি কমে যাবেই।'
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ
- ওটিস গিবসন
